শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসরের লিগ পর্বের খেলা। প্রথম পর্বের খেলা শেষে প্লে-অফের টিকিট কেটেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উড়ন্ত সূচনার পর খেই হারিয়েছে খুলনা টাইগার্স। আবার টানা ১১ হারে বিপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়েছে সিলেট স্ট্রাইকার্স।
একমাসের লম্বা এই বিপিএলে আলোচিত পারফর্মার নেহায়েত কম না। যদিও এবার উঠতি তারকার দেখা মেলেনি সেই অর্থে। বরং তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়দের মত পরিচিত তারকারাই পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন।
তারমাঝেও চট্টগ্রামের তানজিদ তামিম কিংবা কুমিল্লার জাকের আলী অনিকের ব্যাটিং মন কেড়েছে। আবার দল ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত ছিলেন ঢাকার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের সেরার দৌড়ে যদিও শরিফুল নেই। তবে ব্যাটিং তালিকার শীর্ষে থাকা তিনজন আছেন বিবেচনায়।
সাকিবের জন্য এবারের আসরটা বলা চলে মিশ্র। চোখের সমস্যার কারণে টুর্নামেন্টের শুরুর দিকে দুই ম্যাচে ব্যাটই করেননি। আবার তিন ম্যাচে ছিলেন সুপার ফ্লপ। কিন্তু এরপরেই যেন ছন্দে বাংলাদেশের এই অলরাউন্ডার। ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ছিটিয়েছেন। তাতে ভক্তদের মাঝেও এসেছে স্বস্তি। এখন পর্যন্ত সাকিবকেই এবারের বিপিএলের সেরা তারকা বললে অত্যুক্তি হয়না।
আজকের সিলেট/ঢাকা পোস্ট/২৪ফেব্রুয়ারি/পিএ
ক্রীড়া ডেস্ক 








