রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

২৯২ বল পর বুমরাহ’র উইকেট, ‘ইনিংসের সেরা’ বোলারকে হারাল ভারত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ১০:০১:৫৫ পূর্বাহ্ন

২৯২ বল পর বুমরাহ’র উইকেট, ‘ইনিংসের সেরা’ বোলারকে হারাল ভারত


সবমিলিয়ে ২৯২ বল পর উইকেটের দেখা পেলেন ভারতীয় তারকা জাসপ্রিত বুমরাহ। ওয়েলিংটনে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট শিকারের পর ক্রাইস্টচার্চে আরেকটি উইকেট পেতে তাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। যা টেস্টে তার দুই উইকেটের মাঝে দীর্ঘতম বিরতি। এর আগে ২০২১ সালে তাকে উইকেটের দেখা পেতে পেরোতে হয়েছে ২৮৫ বল। এদিকে, চলমান টেস্টের প্রথম ইনিংসে ফাইফার নেওয়া পেসার আকাশ দীপ ম্যাচ থেকে ছিটকে গেছেন।

ভারতের হয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় কাইল জেমিসনের একাধিক বল আকাশের হেলমেটে আঘাত করায় তাকে কনকাশন বদলি করাতে হয়েছে। তার পরিবর্তে পেসার প্রসিধ কৃষ্ণা নেমেছেন দ্বিতীয় ইনিংসে। জেমিসনের করা ৫৩তম ওভারের প্রথম ও পঞ্চম বলে আকাশের হেলমেটে দুবার আঘাত লাগে। প্রথমবার শর্ট বল তার ব্যাটের ওপরের প্রান্তে লেগে হেলমেটে আঘাত করলে বাধ্যতামূলক কনকাশন টেস্টের পর ফিজিও তাকে খেলা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেন।

চার বল পরেই ভারতীয় এই পেসারের হেলমেটে আবারও আঘাত লাগে। আরেকটি শর্ট বল সামলাতে গিয়ে আকাশ কিছুটা অস্বস্তিকর ভঙ্গিতে ব্যাট সরানোর চেষ্টা করেন, কিন্তু বলের ওপর থেকে তার নজর সরে যায়। এর ফলে তাকে আরও দীর্ঘ সময় ধরে কনকাশন টেস্টের মধ্য দিয়ে যেতে হয়। এরপরও অবশ্য ব্যাটিং সম্পন্ন করেছেন আকাশ। অষ্টম উইকেটে ধ্রুব জুরেলের সঙ্গে ৪৬ রানের জুটি এবং দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে তিনি আউট হন।

পরবর্তীতে জানা যায়, আকাশের কনকাশন বদলি হিসেবে মাঠে নামানো হয়েছে আরেক পেসার প্রসিধকে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল টিম আকাশকে পর্যবেক্ষণে রেখেছে। প্রথম ইনিংসে ৯৯ রানে ৫ উইকেট নিয়ে দলের সেরা বোলার আকাশের অনুপস্থিতি ভারতের জন্য বড় এক ধাক্কাই বটে। 

সফরকারী ভারত প্রথম ২৪৬ রানে অলআউট হয়ে যায়, তাদের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেছেন জুরেল। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৬ রান করায় তারা ১১০ রানের লিড পেয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতকে দ্রুত সাফল্য এনে দিয়েছেন বুমরাহ। তার বলে এজ হয়ে বোল্ড হয়েছেন ‍কিউই অধিনায়ক টম ল্যাথাম। তিনি ব্যক্তিগত ৮ এবং স্বাগতিকরা ২২ রানে প্রথম উইকেট হারাল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন বুমরাহ। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলেই তিনি ১ উইকেট নেন। এরপর ১৯ ওভার এবং চলমান ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ২৬ ওভার করে আর কোনো উইকেট পাননি। এরপর দ্বিতীয় ইনিংসে নিজের ৩.১ ওভারে ল্যাথামকে বোল্ড করে সেই খরা কাটালেন বুমরাহ। মাঝে পার হয়েছে ২৯২টি বল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর