মুফতী নিজাম উদ্দিন আল আদনান | ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ নেতৃবৃন্দ নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতী নিজাম উদ্দিন আল আদনান।
রোববার (০১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন। এটি কেবল একটি দেশের ওপর সামরিক আগ্রাসন নয়; বরং সমগ্র বিশ্বশান্তির জন্য গভীর হুমকি।
নিজাম উদ্দিন আদনান বলেন, শক্তির দম্ভে পরিচালিত এমন হামলা বিশ্ব রাজনীতিতে বিদ্যমান দ্বৈতনীতির নগ্ন বহিঃপ্রকাশ। এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং নতুন করে সংঘাত ও রক্তপাতের পথ উন্মুক্ত করবে। আগ্রাসন ও হত্যার রাজনীতি কখনো স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারে না।
তিনি অবিলম্বে এ ঘটনার আন্তর্জাতিক ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানান। একইসঙ্গে তিনি মুসলিম উম্মাহ, মানবাধিকার সংগঠন ও শান্তিকামী মানুষকে এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, জুলুম ও অন্যায়ের পরিণতি কখনো শুভ হয় না। বিশ্বশান্তি রক্ষায় শক্তির অপব্যবহার বন্ধ করে সংলাপ, ন্যায় ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমস্যার সমাধানই একমাত্র পথ।
আজকের সিলেট/এটিআর
আজকের সিলেট ডেস্ক 








