হবিগঞ্জে হাম আক্রান্ত হয়েছেন ৭ জন। তবে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১৬ জন শিশু।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সিভিল সার্জন ডা. রত্মদ্বীপ বিশ্বাস নিজ কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, ঢাকায় পরীক্ষার জন্য সন্দেহভাজন ১০৩ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে এ রোগে এখনও পর্যন্ত জেলায় কেউ মারা যায়নি। তাদের চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালের একটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। আর উপজেলা হাসপাতালগুলোতে এক বা দু’টি কেবিন আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।
হামের টিকা দান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমূখ।
সিভিল সার্জন ডা. রত্মদ্বীপ বিশ্বাস জানান, জেলায় মোট ১ হাজার ৯১৩টি টিকাদান কেন্দ্রে হাম টিকা দেওয়া হবে। ৫ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে এ টিকা দেওয়া হবে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশু। ২০ এপ্রিল থেকে টিকা দেওয়া শুরু হবে। এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। রোগটি ছোঁয়াচে, তাই সবাইকে সাবধান থাকার আহ্বান জানান।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








