ডাল রান্নায় এই ভুলগুলো এড়ালে মিলবে বেশি পুষ্টি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ PM

ডাল রান্নায় এই ভুলগুলো এড়ালে মিলবে বেশি পুষ্টি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৯:৩৫:২১ AM

ডাল রান্নায় এই ভুলগুলো এড়ালে মিলবে বেশি পুষ্টি


বাংলাদেশের অধিকাংশ পরিবারের প্রতিদিনের খাবারে ডালের উপস্থিতি প্রায় নিয়মিত। মসুর, মুগ কিংবা খেসারি ধরনভেদে ডালের পুষ্টিগুণও ভিন্ন। সহজে রান্না করা যায় বলে খাবারের তালিকায় এর গুরুত্ব যেমন বেশি, তেমনি সঠিকভাবে প্রস্তুত ও রান্না করলে এটি হজমের জন্যও উপকারী হতে পারে।

তবে ডাল কীভাবে রান্না করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, প্রস্তুত করার কিছু ভুল পদ্ধতির কারণে অনেক সময় ডালের গুরুত্বপূর্ণ পুষ্টি থেকে বঞ্চিত হতে হয়। কয়েকটি সহজ নিয়ম মেনে চললে প্রতিদিনের খাবারে ডাল থেকেই পাওয়া যেতে পারে বেশি পুষ্টি।

ডাল ভিজিয়ে রাখুন

রান্নার আগে ডাল অন্তত ২ ঘণ্টা ভিজিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। এতে ফাইটিক অ্যাসিডের মতো অ্যান্টি-নিউট্রিয়েন্ট দূর করতে সহায়তা করে এবং ডালের প্রোটিন অন্ত্রে শোষণের সুযোগ বাড়ে।

তবে ভেজানোর আগে ডাল ভালোভাবে পরিষ্কার করাও জরুরি। অন্তত ৩ থেকে ৪ বার ধুয়ে নিলে ধুলো, পলিশ ও অন্যান্য ময়লা দূর করা যায়। এরপর পরিষ্কার পানিতে ডাল ভিজিয়ে রাখতে হবে।

ভেজানো পানি নিয়ে কী করবেন?

ডাল ভেজানোর পর সেই পানি ফেলে দেওয়া উচিত নয় বলে পুষ্টিবিদদের একটি মত রয়েছে। কারণ, ভিজিয়ে রাখার সময় ভিটামিন বি ও ভিটামিন সি-এর মতো কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান পানিতে মিশে যেতে পারে। ফলে ওই পানি ফেলে দিলে এসব ভিটামিনও হারিয়ে যেতে পারে।

ডাল বাছাইয়েও সতর্কতা

ডালের পুষ্টিগুণ ধরে রাখতে রান্নার আগেই ভালো মানের ডাল বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চকচকে ডাল দেখলে সতর্ক হওয়া উচিত। কৃত্রিমভাবে পালিশ করা ডালে কিছু পুষ্টি নষ্ট হতে পারে। তাই অপরিশোধিত ডাল বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মানসম্মত ডাল ব্যবহার করুন

ডাল কেনার ক্ষেত্রে বিশ্বস্ত ব্র্যান্ড বা নির্ভরযোগ্য উৎসকে গুরুত্ব দিতে হবে। এমন ডাল বেছে নেওয়া ভালো, যাতে প্রোটিনের পরিমাণ বেশি, চর্বি কম এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে।

এক ধরনের ডালেই আটকে থাকবেন না

প্রতিটি ডালের পুষ্টিগুণ এক নয়। তাই প্রতিদিন একই ধরনের ডাল না খেয়ে মসুর, মুগ, খেসারিসহ বিভিন্ন ধরনের ডাল পালা করে বা মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে খাবারে বৈচিত্র্যও আসবে।

শুধু ডাল-ভাতেই সীমাবদ্ধ নয়

ডাল মানেই শুধু ভাতের সঙ্গে খাওয়া এমন ধারণাও বদলানো যায়। ডাল দিয়ে সালাদ, নাস্তা কিংবা রুটিসহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করা সম্ভব। এতে প্রতিদিনের খাবারে বৈচিত্র্য আসার পাশাপাশি ডাল খাওয়ার অভ্যাসও একঘেয়ে হবে না।

তাই নিয়মিত ডাল খেলে শুধু পরিমাণের দিকে নয়, ডাল বাছাই, ধোয়া, ভিজিয়ে রাখা এবং রান্নার পদ্ধতির দিকেও নজর দেওয়া জরুরি। সঠিক প্রস্তুতির মাধ্যমে প্রতিদিনের এই পরিচিত খাবার থেকেই সর্বাধিক পুষ্টি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর