হবিগঞ্জ শহরতলির পোদ্দারবাড়ি এলাকা থেকে ট্রাকবোঝাই ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। জব্দ করা কসমেটিকসের বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকের চালক সেলিম ও হেলপার শিপনকে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, মহাসড়কে র্যাব, বিজিবি ও পুলিশের টহল জোরদার থাকায় চোরাকারবারিরা বাইপাস ও আঞ্চলিক সড়ককে চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে। শুক্রবার রাতে ভারতীয় কসমেটিকস বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেটি আটক করে।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে কার্টনভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। আটক চালক ও হেলপারের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা মালামাল বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদের বলে জানা গেছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি 








