শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সিলেটে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের ৫১ হাজার আবেদন, ভর্তিতে নতুন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/১১/২০২৬ ১২:০২:৩৮ অপরাহ্ন

সিলেটে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের ৫১ হাজার আবেদন, ভর্তিতে নতুন চ্যালেঞ্জ


এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সিলেট শিক্ষা বোর্ডের হাজারো শিক্ষার্থীর অপেক্ষা এখন পুনর্নিরীক্ষণের ফলের জন্য। ফল পরিবর্তনের আশায় ১৪ হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজিতে। অন্যদিকে পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ায় উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় ভর্তির ন্যূনতম যোগ্যতা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। আর শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিভিন্ন বিষয়ে তাঁদের মোট আবেদনের সংখ্যা ৫১ হাজার ২৪৩টি। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে আবেদনকারীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজিতে। এ বিষয়ের দুই পত্র মিলিয়ে আবেদনের সংখ্যা ১৩ হাজার ৭৮৪টি। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলার দুই পত্রে আবেদন পড়েছে ৫ হাজার ৭৩৮টি। একক পত্রের হিসাবে ইংরেজির পর সবচেয়ে বেশি আবেদন এসেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে। এ বিষয়ে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৫৪১টি। অন্যদিকে গার্হস্থ্য বিজ্ঞান, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে আবেদন পড়েছে সবচেয়ে কম।

গত ১ নভেম্বর থেকে অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলে। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা। আবেদন গ্রহণ শেষ হওয়ায় এখন ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল আবেদনকারীদের দেওয়া মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

এদিকে এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ায় উচ্চশিক্ষায় ভর্তির বিষয়টি নতুন করে ভাবতে হচ্ছে সিলেটের বিশ্ববিদ্যালয়গুলোকে। সিলেট বিভাগের শিক্ষার্থীদের পছন্দের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ২৫ এবং দুই পরীক্ষায় মিলিয়ে মোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকার শর্ত ছিল। তবে এবারের ফলাফলের প্রেক্ষাপটে ন্যূনতম যোগ্যতা কমানোর প্রস্তাব বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে এসএসসি বা এইচএসসির যেকোনো একটিতে জিপিএ ৩ দশমিক ২৫ না থাকলে ভর্তি পরীক্ষায় আবেদন করা যেত না। এবার সেই শর্ত কমিয়ে প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ এবং দুই পরীক্ষায় মিলিয়ে মোট জিপিএ ৬ রাখার একটি প্রস্তাব করা হচ্ছে। তবে সিদ্ধান্তটি এখনো প্রস্তাবের পর্যায়েই রয়েছে।

অন্যদিকে পাসের হার কমে যাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থী ভর্তিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এবার পাসের হার কমে যাওয়ার পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা শিথিল করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমতে পারে।

তবে এবারের ফলাফলকে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের প্রতিফলন হিসেবে দেখছেন শিক্ষকরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, উচ্চশিক্ষার বিগত সময়ে সবাই পাস এবং সবাই জিপিএ-৫ এমন একটি পরিস্থিতি দেখা গিয়েছিল, বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যায়ে। সার্বিক বিষয়ে তিনি বলেন, শিক্ষার একটা মান ফিরে আসছে। জিপিএ মুখ্য নয়, একজন শিক্ষার্থী কতটুকু মানসম্মত শিক্ষা গ্রহণ করল, সেটাই গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়গুলোর বক্তব্য, শুধু জিপিএ বা সিজিপিএ অর্জন নয়, বর্তমান সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যোগ্য করে তোলাই হওয়া উচিত উচ্চশিক্ষার মূল লক্ষ্য।

সিলেট শিক্ষা বোর্ডের এবারের ফলাফলে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার দেখা গেছে। মোট ৭২ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৮৯৩ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানে পাসের হার সবচেয়ে বেশি, ৬৮ দশমিক ৫৪ শতাংশ। মানবিক বিভাগে পাস করেছেন ৪৬ দশমিক ২৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ দশমিক ৮১ শতাংশ। অর্থাৎ বিজ্ঞান বিভাগের তুলনায় মানবিক বিভাগে পাসের হার ২২ দশমিক ২৫ শতাংশ কম।

জেলাভিত্তিক ফলাফলেও দেখা গেছে বড় ব্যবধান। পাসের হারে সবচেয়ে এগিয়ে সিলেট জেলা, যেখানে হার ৫৭ দশমিক ৬২ শতাংশ। বিপরীতে সবচেয়ে পিছিয়ে মৌলভীবাজার; সেখানে পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ। হবিগঞ্জে পাসের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ এবং সুনামগঞ্জে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। চার জেলার মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের ব্যবধান ১৩ দশমিক ৭৮ শতাংশ।

ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। মেয়েদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ, আর ছেলেদের ৪৮ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১ হাজার ২০৪ জনের মধ্যে ৬১৩ জন ছেলে এবং ৫৯১ জন মেয়ে।

এবার বোর্ডের অধীন ছয়টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। বিপরীতে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। শূন্য পাসের তিন প্রতিষ্ঠানের একটি হবিগঞ্জে এবং দুটি সুনামগঞ্জে। গত বছর তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পাস থাকলেও চারটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি।

ফলাফলের এই চিত্রে একদিকে পুনর্নিরীক্ষণের আবেদন করা হাজারো শিক্ষার্থী নতুন ফলের অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে সিলেট শিক্ষা বোর্ডের অধীন ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের আবেদন এবং কম পাসের হারের প্রভাব এবার উচ্চশিক্ষায় ভর্তির হিসাব-নিকাশে কতটা পরিবর্তন আনে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর