হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ রাজেন্দ্র (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মাদকের একটি বড় চালান কেনাবেচার সম্ভাব্য তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার এসআরবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে রাজেন্দ্রকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক রাজেন্দ্র হবিগঞ্জের চুনারুঘাট থানার বেলাবিল এলাকার মৃত আকলুর ছেলে।
এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








