বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের দেড় বছরের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৬:৪৯:০৯ অপরাহ্ন

জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের দেড় বছরের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা


সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবন করে মা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত। মাদক সেবনের কারণে এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই দিন আগে তাঁর মা তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশাসনের কাছে আসেন। অভিযোগ অনুযায়ী, জুয়েল প্রায়ই মাদক সেবন করে বাড়িতে ফিরে মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুয়েল মিয়াকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়াকে সোমবার রাতেই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর