চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা। স্কোয়াডে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা তারকা পেসার উইল ও’রুর্ক। পাশাপাশি মাত্র দুটি টেস্ট খেলা পেসার মাইকেল রাইকেও দলে জায়গা দেওয়া হয়েছে।
গত জুনের পর আবারও জাতীয় দলে ফিরছেন ও’রুর্ক। অস্ট্রেলিয়ার গতি ও বাউন্সসমৃদ্ধ উইকেটে তার কার্যকর ভূমিকার প্রত্যাশা করছে নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ও মাংসপেশির চোটের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত ১৪ টেস্টে ২৪.৫৫ গড়ে ৪৯ উইকেট নিয়েছেন এই পেসার।
গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাইকেল রাইয়ের। এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র দুটি টেস্ট। এবার অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ সিরিজের জন্য তাকে দলে রেখেছে নিউজিল্যান্ড। এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে সিরিজের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে পেসার ব্লেয়ার টিকনারের।
অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত মাত্র একবার টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। দেশটির মাটিতে এর আগে এত দীর্ঘ সিরিজও খেলেনি তারা। চার ম্যাচের এই সিরিজের তৃতীয় টেস্টটি হবে বক্সিং ডে-তে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। ম্যাচটি অধিনায়ক টম ল্যাথামের ক্যারিয়ারের শততম টেস্ট হওয়ার কথা।
দলে ম্যাট হেনরির নেতৃত্বে রয়েছেন সাতজন সিম বোলার। তাদের মধ্যে দীর্ঘদেহী ও দ্রুতগতির কাইল জেমিসন অন্যতম। পেস আক্রমণে আরও আছেন জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, উইল ও’রুর্ক, মাইকেল রাই ও নাথান স্মিথ।
এদিকে ভারতের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের মাঝে স্কাই স্পোর্টসকে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, ওয়ানডে সিরিজে হাতে হাড়ে ফাটল পাওয়ার পর সুস্থতার পথে থাকা মিচেল স্যান্টনার অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের দলে ফিরতে পারেন।
বর্তমান স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। গ্লেন ফিলিপসকে সহায়তা করতে দলে নেওয়া হয়েছে ডিন ফক্সক্রফটকে। অন্যদিকে হিপ ফ্লেক্সের চোটে জ্যাক ফক্স এবং গোড়ালির চোটে বেন সিয়ার্স এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় দলে জায়গা পাননি।
আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। এরপর সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে।
নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল:
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রাই, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








