শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

বৈভবের ঝড়ো ইনিংসেও রক্ষা পেল না ভারত, শ্রীলঙ্কার দুই সেঞ্চুরিতে ফাইনাল নিশ্চিত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১০:৪৯:৫১ পূর্বাহ্ন

বৈভবের ঝড়ো ইনিংসেও রক্ষা পেল না ভারত, শ্রীলঙ্কার দুই সেঞ্চুরিতে ফাইনাল নিশ্চিত


বৈভব সূর্যবংশীর ব্যাটে রানের পাহাড় গড়েও শেষ রক্ষা হলো না ভারতের। ৩১৮ রানের বিশাল লক্ষ্য দিয়েও এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৮ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছে ভারত ‘এ’ দলকে। লঙ্কানদের জয়ের নায়ক দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে। দুজনের দুর্দান্ত সেঞ্চুরিতে মাত্র ৪১.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

দোহা ক্রিকেট স্টেডিয়ামে টসের পর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে ভারত ‘এ’ দল। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের চাপে রাখেন বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভারেই ৮০ রান তুলে নেন তারা। ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪০ রান করে বৈভব ফিরলে ভাঙে এই জুটি।

এরপর দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মার সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন অধিনায়ক তিলক ভার্মা। ৬৩ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৭৮ রান করেন অভিষেক। অন্যদিকে ৬৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন তিলক।

মাঝের দিকে রিংকু সিং ও কুমার কুশাগ্র দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত। তবে সেই চাপ সামাল দেন শেহবাজ আহমেদ। ৪৮ বলে ৪টি ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তানুশ কোটিয়ানের ব্যাট থেকে আসে ২৮ রান। শ্রীলঙ্কার হয়ে তিনজন বোলার দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ওপর রীতিমতো চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে। প্রথম উইকেটেই ২১.৩ ওভারে ১৭৪ রান যোগ করেন তারা। ৭০ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১০৫ রান করে জয়াবর্ধনে আউট হলে ভাঙে এই বিধ্বংসী জুটি।

তবে তাতেও জয়ের পথে বাধা তৈরি হয়নি লঙ্কানদের। দ্বিতীয় উইকেটে ক্রুসপুল্লের সঙ্গে ৯১ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন নিশান মাদুশকা। ১০৭ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন ক্রুসপুল্লে।

এরপর মাদুশকার ৫৬ বলে ৫৮ রান এবং অধিনায়ক পভন রত্ননায়েকের ১৬ বলে ৩১ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসে সহজ জয় পায় শ্রীলঙ্কা ‘এ’ দল। ৪১.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে ৩২১ রান তুলে নেয় তারা। ভারতের হয়ে হার্শিত রানা ও শেহবাজ আহমেদ একটি করে উইকেট পান।

এই জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনাল নিশ্চিত করল শ্রীলঙ্কা ‘এ’ দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ভারত ‘এ’ দল।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে আজ শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা ‘এ’ দল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর