লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার সময় ভুমধ্যসাগরে অসুস্থ হয়ে সুনামগঞ্জের দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাহিবুর রহমান মান্না (২৩) ও ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দৌলতপুর গ্রামের সুন্দর আলীর ছেলে রেজাউল ইসলাম (২৪)।
বুধবার পরিবারের লোকজন এই সংবাদ পাওয়ার পর থেকে পারিবারে শোকের মাতম শুরু হয়েছে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার লিবিয়া থেকে ইতালি যেতে গেমে উঠেন তারা। তাদের সঙ্গে সুনামগঞ্জের আরও লোক ছিলেন। এর আগে, দুইজনই দেশে ফোন করে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। কিন্তু বুধবার তারা খবর পান তাদের নিয়ে যাওয়া গেমটি ইতালি গেলেও পথে রেজাউল ইসলাম ও সাহিবুর রহমান অসুস্থ হয়ে মারা গেছেন।
সাহিবুর রহমানের বড় ভাই শাহিবুল ইসলাম জানান, কিভাবে তারা মারা গেছে সেটা জানানো হয়নি। শুধু বলা হয়েছে তার ভাই আর নাই। তারা দরিদ্র মানুষ। অনেক কষ্ট করে ব্রাক্ষণবাড়িয়ার উজ্জ্বল আহমদ নামের এক দালালের মাধ্যমে দশমাস আগে তাকে লিবিয়া পাঠান। এতে দালালকে সাড়ে ৯লাখ টাকা দিতে হয়েছে। এখন টাকাও গেছে আর ভাইকেও হারিয়েছেন।
রেজাউল ইসলাম এক বছর আগে দুবাই গিয়েছিলেন। এরপর সেখান থেকে মিশর হয়ে লিবিয়া যান। লিবিয়া থেকে শুক্রবার ফোন করে পরিবারের সদস্যদের জানান তিনি গেমে ইতালি চলে যাচ্ছেন। তার আরও দুইভাই ওমান প্রবাসী। বুধবার সকালে ওমানপ্রবাসী বড় ভাই নজরুল ইসলামকে গেমে থাকা অন্যরা ফোনে রেজাউলের মারা যাওয়ার খবর দেয়। রেজাউলের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি ছাতক উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
নজরুল ইসলামের ফুফুতো ভাই ইমরান আহমদ জানান, তিনিই প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। রেজাউলের বাবা বৃদ্ধ। খবর শুনে সবাই শুধু কাঁদছেন।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








