রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

মাধবপুরে বিএনপি নেতাকে প্রাণনাশকের হুমকি, থানায় লিখিত অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৭:১৯:৫৮ অপরাহ্ন

মাধবপুরে বিএনপি নেতাকে প্রাণনাশকের হুমকি, থানায় লিখিত অভিযোগ


মাধবপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্য ও ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ জামান ফখরুলকে প্রাণনাশের হুমকি ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. কামাল খান ও মো. রেজু মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফখরুল।

অভিযোগ সূত্রে জানা যায়, ফখরুজ্জামান ফখরুল (৪৮) মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের বাসিন্দা। গত ২৮ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কামাল খান তাঁর ব্যক্তিগত ‘Kamal Khan’ নামের ফেসবুক আইডি থেকে ফখরুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে একটি পোস্ট করেন। বিষয়টি জানতে পেরে ফখরুল স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন।

এতে কামাল খান ও তাঁর আত্মীয় রেজু মিয়া ক্ষিপ্ত হয়ে ফখরুলকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৯ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে ফখরুল ছাতিয়াইন বাজারে গেলে ফয়ছল মিয়ার চায়ের দোকানের সামনে রেজু মিয়ার সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় রেজু মিয়া তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে রেজু মিয়া উত্তেজিত হয়ে ফখরুলের ওপর হামলার চেষ্টা করেন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. মলাই মিয়াসহ কয়েকজন ব্যক্তি ও এলাকাবাসী এগিয়ে এসে ফখরুলকে রক্ষা করেন। পরে রেজু মিয়া তাঁকে যেকোনো সময় মারধর, খুন ও গুম করার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফখরুলের অভিযোগ, বিবাদীরা যেকোনো সময় তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারেন। এ কারণে তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর