শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে আহত বিরল সোনালী হনুমান উদ্ধার, পাঠানো হলো রেসকিউ সেন্টারে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১১:০৪:৪৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে আহত বিরল সোনালী হনুমান উদ্ধার, পাঠানো হলো রেসকিউ সেন্টারে


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির সোনালী হনুমান উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় হনুমানটিকে উদ্ধার করে প্রাথমিক পরিচর্যার পর বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে উন্নত চিকিৎসার জন্য সেটিকে জানকীছড়া রেসকিউ সেন্টারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কামাসিদ এলাকায় সড়কের পাশে আহত অবস্থায় হনুমানটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটিকে নিরাপদে সরিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় বাসিন্দা হাজী কুরুশ মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি জানার পর হাজী কুরুশ মিয়া বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে খবর দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তাঁরা আহত প্রাণীটিকে পর্যবেক্ষণ করে এটি সোনালী হনুমান (Golden Langur) বলে শনাক্ত করেন।

পরে উদ্ধার করা হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য জানকীছড়া রেসকিউ সেন্টারে পাঠানো হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, আহত হনুমানটির চিকিৎসা চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর