সিলেট অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। বজ্রপাতের সময় প্রাণহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অবস্থার মধ্যেই আরও টানা ৫ দিন সিলেট অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এক বার্তায় জানান, সিলেট জুড়ে কালবৈশাখী মেঘের অবস্থান। সিলেট বিভাগের সুনামগঞ্জ বজ্রমেঘের অবস্থান রয়েছে। এমন পরিস্থিতিতে বজ্রপাতে প্রাণহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
আজকে সিলেট/ডি/এপি









