বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. এ. সালাম। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
জানা গেছে, শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মেহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ব্যারিস্টার এম. এ. সালাম রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে ধানের শীষের টিকেট চেয়েছিলেন তিনি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পেতে জোর তদবির চালান। কিন্তু দল বর্তমান এমপি এম এ মালিককে মনোনয়ন দেয়। এরপর কিছুটা মনক্ষুণ্ণ হন ব্যারিস্টার এম. এ. সালাম। তবে এই ত্যাগের বড় পুরস্কার পেলেন তিনি এবার- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যারিস্টার এম. এ. সালাম স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে তিনি হামলা-মামলায় জর্জরিত নেতাকর্মীদের আর্থিকভাবে ও আইনিভাবে সহযোগিতা করেছেন। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দলের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন। ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তী দলকে সংগঠিত করতে ব্যারিস্টার আব্দুস সালাম দলীয় কর্মসূচিসহ মিটিং, মিছিল, মতবিনিময় সভাসহ সকল কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রেখেছেন।
এছাড়া সামাজিক সংগঠনের মাধ্যমে গরীব অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বিশেষ করে সিলেট-৩ আসনের অন্তর্গত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করে সকল ধরনের সহযোগিতা দিয়ে পাশে ছিলেন তিনি।
ব্যারিস্টার আব্দুস সালাম পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁর পিতা মাহমুদ মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে সারাজীবন বিএনপির হয়ে কাজ করেছেন। ব্যারিস্টার সালাম হাইস্কুলের ছাত্র থাকাকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন। এছাড়া সিলেট সরকারি কলেজ, সিলেট জেলা ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আজকের সিলেট/ডি/এসটি









