যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামের এক সিলেটি যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদ বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি পরিবারের সাথে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।
স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে তাদের বাসায় পুলিশ আসে। পুলিশ মাছুম আহমদের পরিচয় নিশ্চিত হতে ছবি দেখতে চায়। পরে ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি। নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
মঙ্গলবার দুপুরে পূর্ব কারিকোনা গ্রামের স্থানীয় মসজিদের মাইকে মাছুম আহমদের অকাল মৃত্যুর খবর প্রচার করা হয়। পরবর্তীতে তার জানাজার সময় জানানো হবে বলে এলাকাবাসীকে অবহিত করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন নিহতের বাবা আমির আলী জানান,মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার আরেক ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ তারা এখনো জানতে পারেননি।
পরিবার সূত্রে জানা গেছে, মাছুম আহমদের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দেশে আনার ব্যবস্থা চলছে।
আজকের সিলেট/এপি
প্রবাস জীবন ডেস্ক 








