সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। আধুনিক ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হলেও দীর্ঘদিনেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। ফলে উপজেলার প্রায় তিন লাখ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি চিকিৎসা, প্রসূতিসেবা, রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসা নিতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসারের অনুমোদিত পদ ৩৩টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৪ জন। তাঁদের মধ্যে ছয়জন সংযুক্তিতে অন্যত্র দায়িত্ব পালন করছেন। ফলে হাসপাতালে সরাসরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য কার্যত চিকিৎসক রয়েছেন আরও কম। চিকিৎসক ডা. মনিকা বিশ্বাসও ফেঞ্চুগঞ্জে সংযুক্তিতে কর্মরত রয়েছেন।
হাসপাতালের গুরুত্বপূর্ণ পদ আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য। এতে জরুরি বিভাগ পরিচালনা, ভর্তি রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং রাতের বেলায় চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
নার্সের সংকটও প্রকট। সিনিয়র স্টাফ নার্সের ২৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র সাতজন। এই স্বল্পসংখ্যক নার্স দিয়ে জরুরি বিভাগ, ওয়ার্ড, প্রসবকক্ষ ও বহির্বিভাগের সেবা চালাতে হচ্ছে। অন্যদিকে, মিডওয়াইফের পদ শূন্য থাকায় গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবসেবা ব্যাহত হচ্ছে।
এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় হাসপাতালের পরীক্ষাগার কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। রেডিওগ্রাফার জৈন্তাপুরে সংযুক্তিতে থাকায় এক্স-রে সেবাও পাচ্ছেন না রোগীরা। ফলে সাধারণ রক্ত পরীক্ষা কিংবা এক্স-রের মতো প্রয়োজনীয় পরীক্ষার জন্যও তাঁদের সিলেট শহরে যেতে হচ্ছে।
স্বাস্থ্য সহকারীর ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২২ জন। শূন্য রয়েছে ১১টি পদ। এতে গ্রাম পর্যায়ে টিকাদান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
প্রশাসনিক ও সহায়ক জনবলের সংকটও রয়েছে হাসপাতালটিতে। স্টোরকিপার, ওয়ার্ড বয় ও আয়ার কোনো পদেই জনবল নেই। অফিস সহকারীর তিনটি পদের মধ্যে দুটি পদ শূন্য। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের দাপ্তরিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় রোগীদের অভিযোগ, জ্বর, ডায়রিয়া, প্রসবব্যথা কিংবা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেলে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসক ও সেবা পাওয়া যায় না। বাধ্য হয়ে তাঁদের সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে যেতে হয়। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ভোগান্তিও বাড়ছে।
এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের ঘরের পাশে এত বড় হাসপাতাল, কিন্তু ডাক্তার নেই। গরিব মানুষের সিলেটে যাওয়ার টাকা কোথায়? আমরা কি চিকিৎসা ছাড়াই মরব?’
আরেক রোগী বলেন, ‘একটি এক্স-রে কিংবা রক্ত পরীক্ষার জন্যও সিলেটে যেতে হয়। তাহলে এই ভবন দিয়ে কী লাভ হলো?’
শুধু জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটই নয়, হাসপাতালের নতুন ভবনের কিছু অসম্পূর্ণ কাজও এখনো শেষ হয়নি। এ বিষয়ে এক্সএন জাকিয়া সুলতানা জানিয়েছেন, লাইটিং ও রাস্তার কাজসহ অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত এসব কাজ শেষ করার চেষ্টা চলছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল আহসান বলেন, ‘জনবল সংকটের কারণে চাইলেও আমরা পূর্ণাঙ্গ সেবা দিতে পারছি না। শূন্য পদ পূরণ ও সংযুক্তিতে থাকা জনবল ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।’
এ পরিস্থিতিতে দ্রুত শূন্য পদে নিয়োগ, সংযুক্তিতে থাকা চিকিৎসক ও অন্যান্য জনবলকে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনা এবং মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, স্টোরকিপার, ওয়ার্ড বয় ও আয়া নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি এক্স-রে, পরীক্ষাগার ও জরুরি বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর আহ্বান জানিয়েছেন তাঁরা।
সচেতন মহলের মতে, শুধু দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করলেই মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হয় না। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, সহায়ক জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এসব নিশ্চিত করা না গেলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল ভবনও মানুষের স্বাস্থ্যসেবায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারবে না।
ওসমানীনগরবাসীর প্রত্যাশা, দ্রুত এসব সংকট নিরসন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তাঁদের দাবি, আর আশ্বাস নয় নিজ উপজেলাতেই মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
আজকের সিলেট/ জেকেএস
ওসমানীনগর প্রতিনিধি 








