শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ১১:০৫:৫৪ পূর্বাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর জিয়া উদ্যানে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর তাঁদের কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানান সরকারপ্রধান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি। কর্মসূচির প্রথম দিনে সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে পৌঁছাবে। সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঘটে বড় ধরনের পরিবর্তন। ওই দিনের ঘটনাপ্রবাহে বদলে যায় রাষ্ট্রক্ষমতার সমীকরণ, রাজনীতিও নেয় নতুন বাঁক।

সেদিনের অভ্যুত্থানের পর সেনাবাহিনীর তৎকালীন প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। পরবর্তী সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে ধারাবাহিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যেও তিনি দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখেন।

ইতিহাসের বিবরণ অনুযায়ী, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। এসব ঘটনার পর সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তাঁর অনুসারী সেনাসদস্যদের নিয়ে অভ্যুত্থান ঘটান। এ সময় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা সেনানিবাসে বন্দি করা হয়।

এরপর নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন খালেদ মোশাররফ। ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদকে গ্রেফতার, মন্ত্রিসভা বাতিল এবং জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। ওই রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা সংগঠিত হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।

সিপাহিদের প্রতি সমর্থন জানিয়ে সাধারণ মানুষও এ সময় রাজপথে নেমে আসেন। সিপাহি ও জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থান প্রতিরোধ করতে গিয়ে ৭ নভেম্বর সকালে কয়েকজন সহযোগীসহ নিহত হন খালেদ মোশাররফ। এই ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই দেশের রাজনীতিতে সূচনা হয় নতুন এক অধ্যায়ের; রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর