রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

মেছোবাঘ, বনবিড়াল ও অজগরের আশ্রয় হতে পারে উত্তরভাগের বনভূমি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ১১:৪২:০৬ পূর্বাহ্ন

মেছোবাঘ, বনবিড়াল ও অজগরের আশ্রয় হতে পারে উত্তরভাগের বনভূমি


চা-বাগানের সবুজ পাহাড়, নির্জন বনভূমি আর বড়তল লেকের জলরাশি প্রকৃতির এমন এক শান্ত পরিসরে আশ্রয় খুঁজে নিয়েছে মেছোবাঘ, বনবিড়াল, অজগরসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। তবে মানুষের দখল, বন উজাড় ও পরিবেশের বিরূপ প্রভাবে ক্রমেই সংকুচিত হচ্ছে তাদের নিরাপদ বিচরণক্ষেত্র। এমন পরিস্থিতিতে বন্য প্রাণীর আবাসস্থল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে এসেছে মৌলভীবাজারের একটি চা-বাগান কর্তৃপক্ষ।

রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানের প্রায় ৫০ একর নির্জন বনভূমিতে পরীক্ষামূলকভাবে বন্য প্রাণীর অভয়ারণ্য গড়ে তোলার কাজ শুরু হয়েছে। পলিমার এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের বড়তল লেকসংলগ্ন বনভূমিতে নেওয়া হয়েছে এ উদ্যোগ। বন্য প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করার পাশাপাশি প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখাই এর মূল লক্ষ্য।

বাগান কর্তৃপক্ষের প্রত্যাশা, বনভূমিটি নিরাপদ রাখা সম্ভব হলে সেখানে বন্য প্রাণীর অবাধ বিচরণ ও প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হবে। এর ফলে জীববৈচিত্র্যও সমৃদ্ধ হবে। সময়ের সঙ্গে প্রকৃতির এই ছোট্ট আশ্রয়স্থল বিভিন্ন প্রজাতির প্রাণীর নিরাপদ আবাসে পরিণত হতে পারে।

ইতিমধ্যে বড়তল লেকসংলগ্ন বনভূমিতে বন্য প্রাণীর উপস্থিতি বেড়েছে। বিশেষ করে মেছোবাঘ, বনবিড়াল, অজগর ও বিলুপ্তপ্রায় গুইসাপের বিচরণ দেখা যাচ্ছে। সম্প্রতি ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সহযোগিতায় এবং জেলা বন বিভাগের অনুমতিক্রমে একটি আহত মেছোবাঘ উদ্ধার করা হয়। চিকিৎসা শেষে প্রাণীটির শরীরে স্যাটেলাইট বেল্ট পরিয়ে পরীক্ষামূলকভাবে আবার বনে ছেড়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে মেছোবাঘটির চলাচল ও বিচরণক্ষেত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বড়তল এলাকায় কথা হয় চা শ্রমিক রামাকান্তের সঙ্গে। দীর্ঘদিন ধরে এই বনভূমিতে বন্য প্রাণীর বিচরণ দেখে আসছেন তিনি। রামাকান্ত বলেন, ‘অনেক দিন ধরেই এই বনে মেছোবাঘ, বনবিড়াল, অজগর ও গুইসাপের আনাগোনা বেড়েছে। বাগান কর্তৃপক্ষ বন্য প্রাণী সংরক্ষণের যে উদ্যোগ নিয়েছে, তা খুবই ভালো। বনটি নিরাপদ থাকলে প্রাণীগুলোও বাঁচবে।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বড়তল লেক থাকার কারণে এ এলাকায় মেছোবাঘের বিচরণ বেশি। মাছ এ প্রাণীর অন্যতম প্রিয় খাবার। বনভূমি ও জলাশয়ে প্রাকৃতিক খাদ্যের জোগান বাড়লে বন্য প্রাণীর উপস্থিতিও বাড়বে বলে মনে করেন তাঁরা।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ম্যানেজার শিমুল নাথ বলেন, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সবার আগে প্রয়োজন গণসচেতনতা। প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি প্রকৃতির প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে হবে। বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের রক্ষা করার মধ্য দিয়েই প্রকৃতির ভারসাম্য বজায় রাখা সম্ভব।

উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের সিনিয়র ম্যানেজার লোকমান চৌধুরী বলেন, নির্বিচারে বন উজাড়, অবৈধ শিকার, বন্য প্রাণী পাচার, জলাভূমি ভরাট ও পরিবেশদূষণের কারণে অনেক প্রাণী তাদের স্বাভাবিক আবাসস্থল হারাচ্ছে। এর ফলে প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য ব্যাহত হচ্ছে। বাগানের মালিকপক্ষ প্রকৃতি সংরক্ষণের বিষয়ে আন্তরিক। সেই চিন্তা থেকেই বন্য প্রাণীদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহদী সরওয়ার বলেন, বন বিভাগের অনুমতি নিয়ে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সহযোগিতায় চা-বাগান কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করেছে। তাঁর জানা মতে, বাংলাদেশে কোনো চা-বাগানের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। উদ্যোগটি বাস্তবায়নে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর