সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
শুক্রবার গভীর রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এম এ মালিকের বাড়িতে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মিফতাহ্ সিদ্দিকী বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলা ও ককটেল বিস্ফোরণ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা বরদাশত করা হবে না।
তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজকের সিলেট/এপি
সংবাদ বিজ্ঞপ্তি 








