রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সিলেট বোর্ডে এইচএসসি’র ফলকে সাড়ে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৯:১৮:৩৬ পূর্বাহ্ন

সিলেট বোর্ডে এইচএসসি’র ফলকে সাড়ে ১৪ হাজার শিক্ষার্থীর  চ্যালেঞ্জ


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য সিলেট শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে মোট ৫১ হাজার ২৪৩টি আবেদন জমা দিয়েছেন। বিষয়ভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজিতে।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ইংরেজি বিষয়ের দুই পত্র মিলিয়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৭৮৪টি। বিষয়ভিত্তিক হিসাবে এটি সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলা। এ বিষয়ের দুই পত্রে আবেদন পড়েছে ৫ হাজার ৭৩৮টি।

তবে একক পত্রের হিসাবে ইংরেজির পর সবচেয়ে বেশি আবেদন পড়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। এ বিষয়ে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৫৪১টি।  বিপরীতে গার্হস্থ্য বিজ্ঞান, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে আবেদন পড়েছে সবচেয়ে কম।

বোর্ডের তথ্য অনুযায়ী, একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। এ কারণে আবেদনকারীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি।

এর আগে, গত ১ নভেম্বর থেকে অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধীন ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ১৫০ টাকা।

আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ায় এখন ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর আবেদনকারীদের দেওয়া মুঠোফোন নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানানো হবে। পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছর সিলেট বোর্ডে ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। একাধিক বিষয়ে আবেদন গ্রহণযোগ্য হওয়ায় ফল পরিবর্তনের আশায় এসব শিক্ষার্থীদের আবেদনে বিষয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪৩টি। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর