সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শ্যামাপূজা ও দীপাবলিতে পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান পূজা উদযাপন পরিষদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৬ ০৬:১৬:২৮ অপরাহ্ন

শ্যামাপূজা ও দীপাবলিতে পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান পূজা উদযাপন পরিষদের


আসন্ন শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠানের পবিত্রতা ও ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা রোধে সকল ধরনের পটকার অবৈধ সরবরাহ, বিক্রি ও ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা।

সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক চন্দন দাশ সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, এসব অনুষ্ঠানের পবিত্রতা নষ্ট করার অপচেষ্টায় কেউ কেউ পটকা ফোটানোর মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। এতে ধর্মীয় অনুষ্ঠানের পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে।

তারা বলেন, পটকাবাজি কোনোভাবেই ধর্মীয় আচারের অংশ নয়। এ ধরনের কর্মকাণ্ডের ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দেয়। পটকার বিকট শব্দে শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগীসহ সাধারণ মানুষও বিরূপ পরিস্থিতির সম্মুখীন হন। বিগত দিনগুলোতে পটকার কারণে বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইতিমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পটকার অবৈধ পাচার ও ব্যবসা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আবারও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর