শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

ধূমপান না করেও ফুসফুসের ক্ষতি হতে পারে, সুরক্ষিত থাকবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৬ ১০:১৪:৩৯ পূর্বাহ্ন

ধূমপান না করেও ফুসফুসের ক্ষতি হতে পারে, সুরক্ষিত থাকবেন যেভাবে


ধূমপান করলেই ফুসফুসের ক্ষতি হয়, আর যারা কখনো সিগারেট খাননি তাঁদের ফুসফুস থাকে সম্পূর্ণ নিরাপদ এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। নিজে কখনো ধূমপান না করলেও পরোক্ষ ধূমপান, বাইরের বায়ুদূষণ কিংবা ঘরের ভেতরের দূষিত বাতাসের কারণে একজন ব্যক্তি ফুসফুসের নানা জটিলতায় আক্রান্ত হতে পারেন। এর ফলে শ্বাসতন্ত্রে অস্বস্তি, শ্বাসকষ্ট ও হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি বাড়তে পারে হৃদরোগ ও ফুসফুসের রোগের ঝুঁকিও। তাহলে কীভাবে এসব ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন? কিছু বিষয়ে সচেতন থাকলেই কমানো সম্ভব ক্ষতিকর প্রভাব।

নিজে ধূমপান করেন না বলে সিগারেটের ধোঁয়াকে অবহেলা করার সুযোগ নেই। যাঁরা সিগারেট, শিশা কিংবা অন্য কোনো তামাকজাত পণ্য সেবন করেন, তাঁদের সংস্পর্শ এড়িয়ে চলুন। পাশাপাশি যেসব স্থানে এসব পণ্য ব্যবহার করা হয়, সেসব জায়গা থেকেও দূরে থাকুন।

পরোক্ষ ধূমপানের ঝুঁকি শুধু জনাকীর্ণ স্থানেই সীমাবদ্ধ নয়। বাড়ি, অফিস কিংবা গাড়ির ভেতরেও সিগারেটের ধোঁয়ার সংস্পর্শে আসতে পারেন আপনি। তাই নিজের আশপাশের পরিবেশ সব সময় ধোঁয়ামুক্ত রাখার বিষয়ে সতর্ক থাকুন।

দরজা-জানালা খুলে ফ্যান চালু করলেই ঘরের বাতাস পুরোপুরি নিরাপদ হয়ে যায়—এমন ধারণা ঠিক নয়। খালি চোখে দেখা না গেলেও তামাক পোড়ানোর ফলে তৈরি ক্ষতিকর কণা ঘরের পরিবেশে থেকে যেতে পারে। তাই বাড়ি কিংবা কর্মক্ষেত্রে যেখানে ধূমপান করা হয়, সেই স্থান এড়িয়ে চলুন।

হাঁটাহাঁটি ও ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী অভ্যাস। তবে বাতাসে দূষণের মাত্রা বেশি থাকলে বাইরে শরীরচর্চা করাও ক্ষতিকর হতে পারে। বাইরের বাতাসের গুণমান ভালো না থাকলে ওই সময়ে ঘরের বাইরে না যাওয়াই ভালো। কারণ দূষিত পরিবেশে বের হলে ক্ষতিকর কণা শরীরে প্রবেশের ঝুঁকি বেড়ে যায়।

বাতাসে দূষণের মাত্রা বেশি থাকা সত্ত্বেও জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে এন৯৫ মাস্ক ব্যবহার করুন। এতে দূষিত কণার সংস্পর্শ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

বায়ুদূষণের উৎস শুধু বাইরের পরিবেশ নয়। ঘরের ভেতরে জ্বালানো ধূপকাঠি কিংবা অন্যান্য উৎস থেকেও বাতাসের গুণমান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঘরের ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন।

সুস্থ থাকতে সুষম খাবার গ্রহণও জরুরি। বাইরের পরিবেশের দূষণ নিয়ে সচেতন থাকার পাশাপাশি প্রতিদিনের খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দিন। খাবারের তালিকায় শাকসবজি ও ফলমূল রাখুন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর