সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্র থেকে আবারও গ্যাস উত্তোলনের পরিকল্পনা করছে সরকার। দীর্ঘ দুই দশক আগে ভয়াবহ বিস্ফোরণে বিপর্যস্ত এই জনপদে নতুন করে গ্যাস উত্তোলনের উদ্যোগ ঘিরে আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের প্রত্যাশা, গ্যাসক্ষেত্রটি পুনরায় চালু হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে এবং বদলে যাবে ভাটি অঞ্চলের অর্থনৈতিক চিত্র। একই সঙ্গে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে টেংরাটিলা।
১৯৫৯ সালে আবিষ্কৃত টেংরাটিলা ছিল দেশের অন্যতম সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র। একসময় এই ক্ষেত্রের গ্যাস সরবরাহ করা হতো ছাতক সিমেন্ট কারখানা ও পেপার মিলে। কিন্তু ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে গ্যাসক্ষেত্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর শত শত ফুট উঁচুতে উঠে যায় আগুনের শিখা। পুড়ে যায় বিপুল পরিমাণ গ্যাস। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের অসংখ্য মানুষের বসতঘর, কৃষিজমি ও পরিবেশ। বাস্তুচ্যুত হন অনেক পরিবার। বন্ধ হয়ে যায় গ্যাস উত্তোলন।
সেই ঘটনার দুই দশক পেরিয়ে গেলেও বিস্ফোরণের ক্ষত পুরোপুরি মুছে যায়নি টেংরাটিলা থেকে। স্থানীয়দের দাবি, এখনো বিভিন্ন স্থানে মাটি ও পানির নিচ থেকে গ্যাসের বুদ্বুদ বের হওয়ার শব্দ শোনা যায়। যাঁরা গ্রামে বসবাস করছেন, তাঁদের অনেকেই নানা শারীরিক সমস্যার কথা জানাচ্ছেন। তাঁদের অভিযোগ, বিস্ফোরণের পর থেকে স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যার যথাযথ সমাধান হয়নি।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই গ্যাসক্ষেত্র নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে আন্তর্জাতিক আদালতের ক্ষতিপূরণের রায় এবং নতুন কূপ খননের পরিকল্পনাকে কেন্দ্র করে। সম্প্রতি আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সেসকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি টেংরাটিলায় নতুন কূপ খনন করে গ্যাস উত্তোলনের পরিকল্পনাও সামনে এসেছে। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।
টেংরাটিলা গ্রামের বাসিন্দা হুমায়ূন মিয়া জাগো নিউজকে বলেন, ২০০৫ সালে যখন গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটে, তখন তাঁর বয়স ছিল ১৩ বছর। ওই সময় তাঁর মা তাঁকে দোয়ারাবাজারের মাছিমপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে রেখে এসেছিলেন। তাঁর বাবা নিজেদের বাড়িঘর রক্ষার আশায় টেংরাটিলায় ফিরে গেলেও শেষ পর্যন্ত কিছুই রক্ষা করতে পারেননি।
গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আশা করেছিলেন, দ্রুত টেংরাটিলার সমস্যাগুলোর সমাধান হবে এবং আবারও গ্যাস উত্তোলন শুরু হবে। কিন্তু এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। তিনি সরকারের কাছে দ্রুত গ্যাস উত্তোলনের উদ্যোগ বাস্তবায়নের দাবি জানান।
তিনি আরও বলেন, টেংরাটিলা গ্যাসক্ষেত্রে সরকারের কোটি কোটি টাকার সম্পদ পড়ে রয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগানো যাচ্ছে না। অন্যদিকে টেংরাটিলা ও আশপাশের এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং বিশুদ্ধ পানির সংকটেও ভুগছেন। এসব বিষয়ে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। গ্রামের বাসিন্দা অলি মিয়া জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাঁর অভিযোগ, আশপাশের অনেক পরিবারে প্রতিবন্ধী শিশুর জন্ম হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
গ্রামের বাসিন্দা শামসুল আলম বলেন, সরকার টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে বলে শুনেছেন। এই গ্যাসক্ষেত্র থেকে আবার গ্যাস উত্তোলন শুরু হলে দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় তা সহায়ক হতে পারে বলে তিনি মনে করেন।
এদিকে দীর্ঘদিন গ্যাসক্ষেত্রটি বন্ধ থাকায় এর আশপাশের সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি চক্র গ্যাস ফিল্ডের জায়গায় দোকান ও ভবন নির্মাণ করেছে বলে জানা গেছে। নতুন করে গ্যাস উত্তোলন শুরু হলে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টেংরাটিলা বাজারে গ্যাস ফিল্ডের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে আতাউর রহমান ফরাজির বিরুদ্ধে। তাঁর ভাই সিরাজুর রহমান ফরাজি জাগো নিউজকে বলেন, তাঁর ভাই গ্যাস ফিল্ডের জায়গায় স্থাপনা নির্মাণ করলেও প্রকল্পটি পুনরায় চালু হলে সেগুলো ভেঙে দেওয়া হবে। শুধু তাঁর ভাই নন, আরও অনেকে গ্যাসক্ষেত্রের জায়গা দখল করে ভবন নির্মাণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত জাগো নিউজকে বলেন, টেংরাটিলায় অগ্নিকাণ্ডের পর গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে। এলাকার বাসিন্দারা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া গ্যাস ফিল্ডের সরকারি জায়গা কেউ দখল করে থাকলে তা উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি এখনো বন্ধ রয়েছে। তবে সরকার এটি পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেই পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
দীর্ঘদিনের ক্ষতি, অনিশ্চয়তা ও বঞ্চনার পর টেংরাটিলার মানুষ এখন নতুন করে গ্যাস উত্তোলনের অপেক্ষায়। তাঁদের প্রত্যাশা, পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়িত হলে একদিকে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে, অন্যদিকে কর্মসংস্থান, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে দীর্ঘদিন পিছিয়ে থাকা এই জনপদের অর্থনৈতিক বাস্তবতা। পাশাপাশি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যার সমাধানেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশাও তাঁদের।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








