বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের শিকারপুর গ্রামে রাস্তা সংস্কারের কাজের নামে অনুমতি ছাড়াই সুরমা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, প্রশাসন জানিয়েছে, বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি এবং অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিকারপুর থেকে গাছবাড়ি ঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে কাজ হাতে নেওয়া হয়। এ কাজের জন্য বরাদ্দ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের রাস্তার কাজে বালুর প্রয়োজন হলে স্থানীয় সুরমা নদী থেকে বালু উত্তোলন শুরু করার অভিযোগ ওঠে। স্থানীয়রা রাস্তার সংস্কারকাজ হবে এমন ধারণা থেকে বালু উত্তোলনের অনুমতি রয়েছে কি না, তা যাচাই না করেই এতে আপত্তি জানাননি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তবে নদীর পার্শ্ববর্তী স্থানে বালুর স্তূপ এবং বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে পার্শ্ববর্তী নদী থেকে বালু উত্তোলনের কথা জানানো হয়। তবে এ বালু উত্তোলন বৈধ না অবৈধ, সে বিষয়ে তারা অবগত ছিলেন না বলে দাবি করেন।
এ বিষয়ে চারখাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আছাব উদ্দিন বলেন, এই রাস্তার জন্য কয়েক বছর ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে কেউ বালুর ব্যবসা করছেন না। রাস্তার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়দের সঙ্গে কথা বলে বালু উত্তোলন করছে।
স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দীন বলেন, রাস্তার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলন করছে, যাতে বালু দিয়ে দ্রুত রাস্তার কাজ করা যায়। এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে, যেখানে চেয়ারম্যান-মেম্বারসহ কয়েকজনকে জড়িত বলা হয়েছে। আসলে এসব কিছুই নয়। ব্যবসার জন্য নয়, রাস্তার কাজের জন্যই বালু উত্তোলন করা হচ্ছে।
আরেক স্থানীয় বাসিন্দা সুয়াইবুর রহমান বলেন, ঠিকাদার বলেছেন, দুই-তিন মাসের মধ্যে বালু তুলে দিতে পারলে সঙ্গে সঙ্গে রাস্তার কাজ করে দেওয়া যাবে। কারা বাধা দিচ্ছেন, তা আমরা জানি না। বালু উত্তোলনের সঙ্গে কেউ জড়িতও নন। ক্ষোভ থেকে হয়তো তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সড়কটির বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন ধরনের নির্মাণকাজ করা হয়েছিল। কোথাও পিচঢালাই, কোথাও কংক্রিটের ঢালাই আবার কোথাও ইটসলিং ছিল। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তার উচ্চতা বাড়াতে মাটি ভরাটের প্রয়োজন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, মাটি ভরাটের পর দ্রুত সংস্কারকাজ করা হবে।
এ বিষয়ে চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বলেন, ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজ হয়েছিল। পরবর্তীতে সড়কটিতে কাজ হওয়ার কথা রয়েছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে বলে তিনি জেনেছেন। ঠিকাদার ইউনিয়ন পরিষদে এসে তাঁর সঙ্গে দেখা করে পার্শ্ববর্তী সুরমা নদী থেকে বালু উত্তোলনের কথা জানান। তখন তিনি বালু উত্তোলনের অনুমতি আছে কি না জানতে চাইলে ঠিকাদার অনুমতি না থাকার কথা স্বীকার করেন এবং প্রশাসনের অনুমতি নেবেন বলে জানান।
তিনি আরও বলেন, আমি ও স্থানীয় কয়েকজনের নামে মিথ্যা গুজব ছড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। সামনে নির্বাচন, তাই আমার জনপ্রিয়তা নষ্ট ও আমাকে কলঙ্কিত করতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন বলেন, রাস্তার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলন করছে। রাস্তার কাজের স্বার্থে গ্রামবাসী শুধু বালু রাখার জায়গা দিয়েছেন। এখানে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে, বালু উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার ও উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস জানান, সুরমা নদী থেকে বালু উত্তোলনের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাস্তার কাজের বিষয়ে তাঁরা অবগত নন বলে জানান।
অন্যদিকে, সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, বিভিন্ন দুর্যোগে সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে রাস্তার উচ্চতা বাড়ানোর জন্য মাটি ভরাটের কাজ করা হচ্ছে। মাটি ভরাট শেষ হলে পরবর্তীতে সেখানে ঢালাইয়ের কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে এ কাজের নামে কারা সুরমা নদী থেকে বালু উত্তোলন করছে, সে বিষয়ে তারা অবগত নয়। পাশাপাশি বালু উত্তোলনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি বলে জানায় পাউবো।
এদিকে, বালু উত্তোলনের বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আজকের সিলেট/ জেকেএস
বিয়ানীবাজার প্রতিনিধি 








