শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সিলেটে দুই কফি হাউসকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৪:৩৫:৫৯ অপরাহ্ন

সিলেটে দুই কফি হাউসকে ৮০ হাজার টাকা জরিমানা


অনুমোদনহীন খাদ্যসামগ্রী, পোড়া তেল ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নগরীর দুটি অভিজাত কফি হাউসকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নগরীর নয়াসড়ক এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো ‘সিপ কফি’ ও ‘কফি এক্সপ্রেস’। অভিযানকালে উভয় প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রত্যেককে ৪০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরীর নয়াসড়ক এলাকায় অবস্থিত জনপ্রিয় এ দুটি কফি হাউসে উচ্চমূল্যে কফি বিক্রির পাশাপাশি অনুমোদনহীন খাদ্যসামগ্রী ব্যবহারের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠান দুটিতে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযান চলাকালে অনুমোদনহীন সস, খাদ্যে ব্যবহৃত রং এবং কফি সংরক্ষণের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পান কর্মকর্তারা। এ ছাড়া খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার ও সংরক্ষণের বিষয়টিও শনাক্ত করা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

পরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যসামগ্রী ব্যবহার ও সংরক্ষণের দায়ে সিপ কফি এবং কফি এক্সপ্রেসকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর