বাবার পরিচালনায় প্রথমবারের মতো অভিনয়, তার ওপর সিনেমাটির মুক্তি ঘনিয়ে আসছে। সব মিলিয়ে ‘যাপিত জীবন’ নিয়ে উচ্ছ্বাস ও আবেগে ভাসছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি। মুক্তির আগে নিজের পাশাপাশি পুরো সিনেমার কলাকুশলীদের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
আজ ১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন ভাবনা।
এক পোস্টে তিনি লেখেন, ‘শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা ‘যাপিত জীবন’-এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং।’
সিনেমাটির সঙ্গে নিজের আবেগ ও দীর্ঘদিনের পরিশ্রমের কথা তুলে ধরে ভাবনা আরও লেখেন, ‘অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের। সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমিতে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা, আবেগ এবং নানা প্রতিকূলতার চিত্র তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।
বাবার পরিচালনায় নিজের প্রথম সিনেমা নিয়ে ভাবনার এই আবেগের মধ্যেই এখন অপেক্ষা দর্শকের সামনে ‘যাপিত জীবন’ তুলে ধরার। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির মধ্য দিয়ে দর্শকদের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা সিনেমাটির পুরো দলের।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








