পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী জনগণের কাছে চূড়ান্তভাবে পরাজিত ও ধিকৃত হওয়ার গ্লানি এখনো কাটিয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, এই পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে আরেক সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে সরাসরি হামলা চালিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপর ধারাবাহিক এসব হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এসব ঘটনার পরও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সুস্পষ্ট দাবি, এসব হামলার সঙ্গে জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
একই সঙ্গে চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে দেশে ফেরেন নাহিদ ইসলাম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অঙ্গীকার থাকলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব।’
এ ছাড়া একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা।
আজকের সিলেট/ জেকেএস









