রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বিজিবির, অভিযানে জব্দ ১৮০ কোটি টাকার পণ্য

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১১:০৫:১০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বিজিবির, অভিযানে জব্দ ১৮০ কোটি টাকার পণ্য


সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান ঠেকাতে সুনামগঞ্জে নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন, নাইট ভিশন ডিভাইস, সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট। দুর্গম সীমান্ত এলাকায় টহল কার্যক্রমেও যুক্ত করা হয়েছে বিশেষ যানবাহন ও নৌযান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীর এসব কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষায় সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সমন্বিতভাবে কাজ করছে। এর মধ্যে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বে রয়েছে ৯০ কিলোমিটার সীমান্ত এলাকা। এই বিস্তীর্ণ এলাকায় ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি বজায় রাখা হচ্ছে।

সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে শুধু নিয়মিত টহল নয়, বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। বিশেষ করে অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি রাতের বেলায় নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে চালানো হচ্ছে সচেতনতামূলক কার্যক্রমও।

প্রযুক্তির মাধ্যমে সীমান্তের নিরাপত্তা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট। প্রয়োজন অনুযায়ী এসব সরঞ্জামের সংখ্যা বাড়ানোর উদ্যোগ রয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারে চলাচল শনাক্ত করতে নাইট ভিশন ডিভাইস এবং দুর্গম এলাকায় পর্যবেক্ষণের জন্য থার্মাল ড্রোন ব্যবহার করছে বিজিবি। হাওর, নদী ও পাহাড়ি এলাকায় পরিস্থিতি বিবেচনায় নৌযানের পাশাপাশি অল-টেরেইন ভেহিকল (এটিভি) দিয়েও টহল দেওয়া হচ্ছে।

এদিকে চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের অভিযান ও বিশেষ টহলে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও চোরাচালানি পণ্য উদ্ধার হয়েছে। বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, এসব অভিযানে ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ জব্দ করা হয়েছে।

একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি ১৮০ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা চালানো হলে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাকেও গুরুত্ব দিচ্ছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাহিনীটির দাবি, এসব উদ্যোগের ফলে স্থানীয়দের মধ্যে সচেতনতা বেড়েছে। সীমান্তে সন্দেহজনক কোনো তৎপরতা নজরে এলে বাসিন্দারা এখন তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করছেন।

এ ছাড়া সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময় করছে বিজিবি। ভবিষ্যতেও সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর