পর্যটন সমৃদ্ধ শহর সুনামগঞ্জ জেলা। স্কুল-কলেজের শিক্ষার মান যেমন এগিয়ে তেমনি এখানকার শিক্ষার্থী, শিল্প সংস্কৃতি মনা মানুষজন ভালো কাজেও সব সময় এগিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, শহর পরিষ্কার, বাজার মনিটরিংয়ের পর এবার দেয়ালচিত্র বা গ্রাফিতিতে সাজিয়ে তুলছেন সুনামগঞ্জ শহরকে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
গুরুত্বপূর্ণ সড়ক, স্কুল-কলেজের দেয়ালের অবাঞ্ছিত ও অসুন্দর সব লেখা সরিয়ে সুন্দর সুন্দর গ্রাফিতি করছেন তারা। বিভিন্ন বয়সের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন।
সরজমিনে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ও এইচএমপি উচ্চ বিদ্যালয় কলেজের সামনে শিক্ষার্থীদের দেখা গেল, দেয়াল লিখনে মেঘ বৃষ্টি উপেক্ষা করেই। অন্তত ৩০-৩৫ শিক্ষার্থী শিল্পকর্ম আঁকছেন। কেউ রং গোলাচ্ছেন, কেউ বা মনোযোগ দিয়ে বিভিন্ন আল্পনা এঁকে চলেছেন। বিভিন্ন স্কুল-কলেজের দেয়াল, গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে গ্রাফিতি বা দেয়ালচিত্র আঁকেন তারা। গত কয়েক দিন দেশে যে সহিংসতা হয়েছে তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান সবাই। তাই অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা।
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জ এর সভাপতি অয়ন চন্দ (মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফাইলান ইয়ায়) জানান, গ্রাফিতির স্লোগানগুলোর মধ্যে রয়েছে পানি লাগবে পানি, স্বাধীনতা এনেছি সংস্কারও আনব, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, প্রাণপ্রকৃতি, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়।
শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। আবার অনেকেই স্মৃতি হিসাবে তুলে রাখছেন ছবি আঁকা ছবি সামনে।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








