শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানকে লেখা আবেদনপত্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০১:৪০:২৮ অপরাহ্ন

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানকে লেখা আবেদনপত্র


হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি আবেদনপত্র পাওয়া গেছে। চিঠিতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ দলীয় সদস্যপদে বয়সসীমা আরোপের আহ্বান জানানো হয়েছে। নাম-পরিচয়বিহীন এই চিঠি ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

শনিবার মাজারের দানবাক্সের টাকা পঞ্চম দফায় প্রকাশ্যে গণনার সময় টাকার স্তূপের মধ্য থেকে চিঠিটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা আবেদনপত্রে বিএনপিতে যোগদানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিএনপির সদস্য হতে হলে কমপক্ষে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ থাকতে হবে। আর দলের কর্মী হতে হলে এইচএসসি পাস এবং জিপিএ ৩.৫ অর্জনের শর্ত রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগ পর্যন্ত কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

চিঠির লেখক আরও উল্লেখ করেছেন, তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে পরবর্তী সময়ে রাজনীতি থেকে সরে দাঁড়ান। আবেদনপত্রে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি দলীয় সংস্কার ও সাংগঠনিক নিয়মকানুনের বিষয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন তিনি।

চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, “I want the change to come through you.....”। এর মাধ্যমে লেখক তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে চিঠির বক্তব্য থেকে ধারণা করা যায়। তবে আবেদনপত্রে প্রেরকের নাম বা পরিচয় উল্লেখ নেই।

এদিকে, মাজারের দানবাক্সের টাকা গণনাকে ঘিরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় দানবাক্সের টাকা নিয়মিত গণনার সিদ্ধান্ত হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যয় করা হবে।

উল্লেখ্য, হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগে নগদ টাকা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি বিভিন্ন সময়ে ব্যতিক্রমী চিঠি বা আবেদনপত্রও পাওয়া যায়। এসব চিঠির বিষয়বস্তু সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর