বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

প্রথমবার বহুজাতিক বিমান মহড়ায় অংশ নিল বাংলাদেশ বিমানবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৯:২২:৩৪ পূর্বাহ্ন

প্রথমবার বহুজাতিক বিমান মহড়ায় অংশ নিল বাংলাদেশ বিমানবাহিনী


আটটি দেশের বিমানবাহিনীর অংশগ্রহণে ভারতের আয়োজিত বৃহৎ পরিসরের বহুজাতিক বিমান মহড়ায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। ‘তরঙ্গ শক্তি-২৬’ নামের এ মহড়া গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভারতের রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় বিমানবাহিনীর আয়োজনে বহুজাতিক এ মহড়ার দ্বিতীয় সংস্করণে বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর উড়োজাহাজ অংশ নেয়। এ ছাড়া আরও ৩২টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে মহড়ায় উপস্থিত ছিলেন।

মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি দল অংশ নেয়। তাঁদের মধ্যে পাইলট ও কারিগরি কর্মীরা ছিলেন। এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর আরও দুজন সদস্য পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যোগ দেন।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানবাহিনী প্রথমবারের মতো এ ধরনের বৃহৎ পরিসরের বহুজাতিক বিমান মহড়ায় যুক্ত হলো।

মহড়ায় অংশ নেওয়ার ফলে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা বহুজাতিক বিমান পরিচালনা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।

সমন্বিতভাবে বহুজাতিক বিমান পরিচালনার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা, সমন্বয় এবং একসঙ্গে কাজ করার সক্ষমতা বাড়ানোও এ মহড়ার অন্যতম লক্ষ্য ছিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর