মৌলভীবাজার সড়কে আবারও ফিরেছে চিরাচরিত দৃশ্য, এক সপ্তাহ বিরতির পর আবারও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নেমেছে পুলিশ। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
মঙ্গলবার সকাল থেকে মৌলভীবাজার জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কের দায়িত্বে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতনের পর থেকে কার্যত বন্ধ ছিল মৌলভীবাজারে ট্রাফিক পুলিশিং কার্যক্রম। এরপর গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরাই সড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসছে।
এসময় দায়িত্ব শুরুর পূর্বে স্কাউটস, বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশদের কর্মে ফেরার জন্য স্বাগত জানান।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী মাহমুদ রহমান বলেন, ট্রাফিক পুলিশ কাজে ফিরেছে এটা শহরবাসীর জন্য স্বস্তির। গত কয়েকদিনে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দারুণ কাজ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, শিক্ষার্থীরা যেভাবে জনগণের জন্য নিঃস্বার্থভাবে এতদিন কাজ করেছেন সেভাবে আমরাও জনগণকে সেবা দেওয়ার জন্য এসেছি। এতদিন রাস্তায় শিক্ষার্থীরা শৃঙ্খলা রক্ষার জন্য যে কষ্ট করেছেন সে জন্য তাদের ধন্যবাদ।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে. এম নজরুল ইসলাম জানান, সীমিত আকারে থানার কার্যক্রম চালু করা হচ্ছে। জিডি, অভিযোগ আসলে সেগুলো রেকর্ড করা হবে। অন্যান্য কাজও দ্রুত শুরু হবে।
জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম পিপিএম (বার) বলেন, জেলার ৭টি থানায় প্রাথমিক পর্যায়ে আংশিক কার্যক্রম শুরু হয়েছে, এখনও পুরোপুরি নয়। আশা করছি দুই একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারব।
জেলার আইনশৃঙ্খলা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণের প্রতি বিনীত আহ্বান জানান তিনি।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








