তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন এহতেশামের
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:০৯ AM

সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন এহতেশামের

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৬:৫০:৪০ PM

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন এহতেশামের


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতাদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সিলেট-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী এহতেশাম হক।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেটের রিটার্নিং অফিসারের ‘দ্বিচারিতা’ ও ‘হিপোক্রেসি’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যেখানে আমাকে নিয়ে প্রশ্ন উঠেছে, তাহলে কেন প্রশ্ন উঠছে না যে সদ্য বিদেশ ফেরত তারেক রহমানকে নিয়ে, উনারও তো দ্বৈত নাগরিকত্ব ছিল? যেহেতু আমরা জানি, অনলাইনে এভিডেন্স দেখা গেছে যে উনি ব্রিটিশ নাগরিক উল্লেখ করেছেন কোম্পানি হাউসে।’

তিনি আরও বলেন, ‘এখনো পর্যন্ত কেন এই দেশের সাংবাদিক সমাজ বা সচেতন সমাজ এই প্রশ্ন করেন না যে আমাদের জানার অধিকার আছে আপনার (তারেক রহমানের) দ্বৈত নাগরিকত্ব আছে কিনা, থেকে থাকলে এটা কি আপনি ছেড়েছেন কিনা?’

তিনি বলেন, ‘বিএনপির বড় নেতা এবং ফাইন্যান্সার আব্দুল আউয়াল মিন্টুর অ্যাপ্লিকেশনে উনি উল্লেখ করেছেন উনি দ্বৈত নাগরিক ছিলেন, কিন্তু ফেনীর রিটার্নিং অফিসার প্রশ্নই করলেন না যে আপনি যে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন এটার প্রমাণটা দয়া করে দেন।’

নিজের প্রার্থিতা বাতিলের ঘটনা বর্ণনা করে তিনি সিলেটের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনেন। 

তিনি বলেন, ‘রিটার্নিং অফিসার বললেন আমি প্রপার কাগজপত্র দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে দিতে পারিনি, সুতরাং আমারটা বাতিল। ঠিক ৩০ সেকেন্ড পরে দ্বিতীয় যে সিদ্ধান্তটা উনি দিলেন সেখানে উনি কন্ডিশনালি (শর্তসাপেক্ষ) সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মালিকের মনোনয়নটা বৈধ করলেন হোম অফিস বন্ধের কথা বলে।’

তিনি বলেন, ‘আমার ক্ষেত্রেও তো হোম অফিস বন্ধ ছিল, আমার ক্ষেত্রেও তো রিটার্নিং অফিসার কন্ডিশনালি দিতে পারতেন।’

রাষ্ট্রযন্ত্র ও নির্বাচন কমিশনের সমালোচনা এই ঘটনাকে পুরো রাষ্ট্রযন্ত্রের ‘হিপোক্রেসি’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তি এহতেশাম হকের প্রার্থিতার ব্যাপার না, এটা একটা সিমটম পুরো রাষ্ট্রযন্ত্রের।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এখানে স্পষ্টত একটা আসন্ন সরকারের বা একটা বড় রাজনৈতিক দলের আজ্ঞাবহ। বর্তমানে ক্ষমতার একটি বড় ভার কেন্দ্র তৈরি হয়েছে যা মূলত ‘গুলশান কেন্দ্রিক।’

প্রশাসনের এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে তিনি আপিল করার ঘোষণা দিয়ে বলেন, ‘আমি চাই আইন যেন আমার ওপর ঠিক আরো আট-দশ জন যেরকম আছে সেরকম প্রয়োগ করা হয়।’

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর