বিয়ানীবাজারে সিএনজি ছিনতাই চক্রের চার সদস্য আটক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৩ PM

বিয়ানীবাজারে সিএনজি ছিনতাই চক্রের চার সদস্য আটক

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ০৪:১৩:১৮ PM

বিয়ানীবাজারে সিএনজি ছিনতাই চক্রের চার সদস্য আটক


বিয়ানীবাজারে সিএনজি চালকের হাত-পা বেঁধে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। ছিনতাই হওয়া সিএনজিটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, যাত্রী সেজে সিএনজি ছিনতাইয়ের অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্বপার গ্রামের সমছ উদ্দিনের ছেলে রাজন আহমদ, জকিগঞ্জ উপজেলার নিজগ্রাম এলাকার মখলিছুর রহমানের ছেলে খায়রুল ইসলাম সরোয়ার, একই উপজেলার শাহগলি নিদনপুর এলাকার আতাউর রহমানের ছেলে সালেহ আহমদ সুলতান এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার জহিরাবাদ এলাকার আবুল হোসেনের ছেলে মাহমুদ হোসেন জাহিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ থেকে বিয়ানীবাজারের আব্দুল্লাহপুর এলাকায় গ্যাস নিতে আসা এক সিএনজি চালককে নিদনপুর যাওয়ার কথা বলে ভাড়া নেন তারা। পরে উপজেলার লাসাইতলা হাওরের মাঝখানে নিয়ে চালকের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে সিএনজিটি ছিনতাই করে নিয়ে যায় চক্রটি।

এসময় স্থানীয়রা চালকের চিৎকার ও কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার পর সিএনজি চালকের মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল ছিনতাইয়ের মাত্র পাঁচ দিনের মধ্যে অভিযান চালিয়ে সিএনজিটি উদ্ধার করে এবং ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করে।

ওসি ওমর ফারুক বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ছিনতাই হওয়া সিএনজিটিও উদ্ধার করা সম্ভব হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর