বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ১০:২২:১৫ পূর্বাহ্ন

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর


প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনের আনুষ্ঠানিকতা। এর আগে গতকাল মঙ্গলবার মহানবমী পূজার দিনে সিলেট নগরীর মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে। আজ বিজয়া দশমীতে বিদায় নেবেন মা দুর্গা।

আজ বিকেল থেকে নগরীর কিন ব্রিজ এলাকায় সুরমা নদীতে শুরু হবে প্রতিমা বিসর্জন। এ লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

হিন্দু শাস্ত্রমতে, নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা।

নবমী পূজার মাধ্যমে মানবকূলে সম্পদ লাভ হয়। তাই শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবীর পূজা হয়েছে। নীল অপরাজিতা ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা ছয় দিনের আনন্দ উৎসবের পর বুধবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

পূজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। সিলেট নগরীর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন মণ্প পরিদর্শন করে সনাতন ধর্মবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বছরান্তে দেবী দুর্গার আগমনে এ বছর ৬ দিন দেশের প্রতিটি মন্দিরে বিরাজ করছিল আনন্দ আর উদ্দীপনাময় এক পরিবেশ। মন্দিরে মন্দিরে বেজে ওঠে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা আর শঙ্খ ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আবহমান বাংলা। উদ্দীপ্ত হয়ে ওঠে নৈসর্গিক নির্জনতা। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ কামনা করা হয়।

এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার তথ্য অনুযাযী সিলেট জেলায় সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ মোট ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে মহানগর এলাকায় সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক উদ্যোগে ১৬টিসহ ১৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর