চা শ্রমিকদের চার দফা দাবিতে সিলেটে দুই ঘণ্টার কর্মবিরতি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ PM

চা শ্রমিকদের চার দফা দাবিতে সিলেটে দুই ঘণ্টার কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০২:৩১:১৮ PM

চা শ্রমিকদের চার দফা দাবিতে সিলেটে দুই ঘণ্টার কর্মবিরতি


দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি আদায়ে সিলেট ভ্যালির ২৩টি চা বাগানে দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন চা শ্রমিকরা। বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত ছিল। শ্রমিকদের দাবি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

চা শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে, দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, গেজেট-২০২৩ বাতিল এবং ভূমি অধিকার নিশ্চিত করা।

শ্রমিকরা জানান, প্রায় ১মাস ধরে তারা এসব দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে সিলেট ভ্যালির প্রতিটি বাগানে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি শুরু করা হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মালনীছড়া, লাক্কাতুরা, বুরজান, খাদিমসহ সিলেট ভ্যালির সব বাগানে এ কর্মসূচি পালিত হচ্ছে।

এর আগে গত ৯ আগস্ট চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন চা শ্রমিকরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সেদিন প্রশাসনকে দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার জন্য ১৫ দিনের সময় বেঁধে দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে সরকার উদ্যোগ না নিলে সিলেটের ২৩টি বাগানের শ্রমিকরা কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সময়সীমার মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় এখন দুই ঘণ্টার কর্মবিরতিতে গেছেন বলে জানান শ্রমিকরা।

মালনীছড়া চা বাগানের শ্রমিক ও চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক বৃহস্পতিবার বলেন, বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭টাকা। এই মজুরি দিয়ে বর্তমান সময়ে একটি পরিবারের দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করাও সম্ভব নয়। এ কারণে দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চার দফা দাবি আদায়ে তারা আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

বুরজান চা বাগানের শ্রমিক সাইদুল রহমান সোহেল বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় অনেক বাগানের কমিটি ভারপ্রাপ্তদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার আদায়ের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

লাক্কাতুরা চা বাগানের শ্রমিক রঘু দাস বলেন, বর্তমানে তারা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে টানা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, চা শ্রমিকদের দেওয়া স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চার দফা দাবির মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ দাবি। নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে। নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিগগিরই নির্বাচন আয়োজন করবে।

এদিকে, গত ১৪ আগস্ট দাবিগুলো নিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন চা শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় তারা শ্রমিকের অধিকার, ভূমি ও জীবনমান উন্নয়ন সংক্রান্ত ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক জানান, চা বাগানগুলোর বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হবে। ওই টিমের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর