সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় বালু তোলার কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ৮ হাজার ২১৩ ঘনফুট বালু জব্দ করে ঘটনাস্থলেই স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজার এলাকায় রাংপানি নদীতে এ অভিযান পরিচালিত হয়।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে নদী থেকে বালু উত্তোলনের সময় একটি পেলুডার জব্দ করা হয়। পরে জব্দকৃত পেলুডারটি জিম্মায় দেওয়া হয়েছে। একই অভিযানে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ৮ হাজার ২১৩ ঘনফুট বালু জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই তা নিলামে বিক্রি করা হয়।
নিলামের মাধ্যমে বিক্রি হওয়া বালু সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দুই দিনের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আজকের সিলেট/ জেকেএস
জৈন্তাপুর প্রতিনিধি 








