সিলেটে কমছে না হামের দাপট, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৩৪ সন্দেহজনক রোগী
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ PM

সিলেটে কমছে না হামের দাপট, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৩৪ সন্দেহজনক রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ১২:০৪:১৪ PM

সিলেটে কমছে না হামের দাপট, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৩৪ সন্দেহজনক রোগী


সিলেট বিভাগে হামের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী।

বৃহস্পতিবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর ১ মাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি সিলেট নগরের টুকেরবাজার এলাকায়।

গত এক দিনে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন ভর্তি হয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

নতুন রোগী যুক্ত হওয়ায় বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৬ জন রয়েছেন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৭ জন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৩৬৩, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

মৃত্যুর হিসাবও পরিস্থিতির উদ্বেগজনক দিকটি তুলে ধরছে। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬২, হবিগঞ্জে ২১, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৯ জন মারা গেছেন। শুধু নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০ জন।

নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক রোগীর সংখ্যা এবং হাসপাতালে ভর্তি রোগীর চাপ এখনও বেশি। বিশেষ করে শিশুদের সংক্রমণের ঝুঁকি থাকায় চিকিৎসাসেবার ওপর চাপ বাড়ছে। এক দিনেই ১৩৪ জনের হাসপাতালে ভর্তি হওয়া সেই চাপের মাত্রা আরও স্পষ্ট করছে।

এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগ, আক্রান্তদের যথাযথ চিকিৎসা এবং শিশুদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর