আলিফের দুই চোখ নষ্ট হওয়ার দাবি কতটা সত্য
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ PM

আলিফের দুই চোখ নষ্ট হওয়ার দাবি কতটা সত্য

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৭:২৮:২৭ PM

আলিফের দুই চোখ নষ্ট হওয়ার দাবি কতটা সত্য


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বিভ্রান্তিকর দাবি। ভিডিওতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আলিফ চৌধুরীকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশে বসে পায়ের কাছে থাকা পানির বোতল হাতে নিতে দেখা যায়। এরপরই প্রশ্ন তুলে দাবি করা হচ্ছে—চোখ হারানো ব্যক্তি কীভাবে পানির বোতল দেখতে পেলেন?

তবে অনুসন্ধানে দেখা গেছে, আলিফ চৌধুরী পুরোপুরি অন্ধ হয়ে যাননি। তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ডান চোখও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে এবং তিনি এখনো চিকিৎসাধীন।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে আলিফ একজনের সহযোগিতায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশে গিয়ে বসেন। পরে তাঁর পায়ের কাছে থাকা একটি পানির বোতল হাতে তুলে নেন।

আলিফ চৌধুরী গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে।

এরপর ২৯ জুলাই আলিফকে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর চোখে অস্ত্রোপচার করা হলেও বাম চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বাম চোখের দৃষ্টিশক্তি হারানোর পাশাপাশি ডান চোখেও আঘাত রয়েছে আলিফের। এ কারণে তিনি এখনো জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন।

এই প্রতিবেদক ১৪ সেপ্টেম্বর আলিফ চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি নিজেই তাঁর শারীরিক অবস্থার কথা জানান।

আলিফ চৌধুরী বলেন, ‘দুটি চোখের মধ্যে বাম চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে এবং ডান চোখে ইফেক্ট আছে। বেশি আলোয় দেখতে এবং দূরের কিছু দেখতে সমস্যা হয়। বর্তমানে আমি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আছি।’

জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নূর আলম বলেন, ‘আলিফের দুই চোখের মধ্যে বাম চোখটি একেবারে নষ্ট হয়ে গেছে এবং ডান চোখটিও গুরুতরভাবে আক্রান্ত। বর্তমানে ডান চোখ দিয়ে কাছে কিছুটা দেখতে পেলেও দিনের আলো সহ্য করতে পারছেন না। দূরের কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পারছেন না এবং চোখে আলো ফেললেও তা সহ্য করতে পারছেন না।’

তিনি আরও বলেন, ‘গত ২৮ জুলাই চোখে গুরুতর আঘাত পাওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে।’

অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে আলিফ চৌধুরীর দুই চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে যাওয়ার যে দাবি ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হলেও ডান চোখে সীমিত দৃষ্টিশক্তি রয়েছে এবং সেই চোখের চিকিৎসা চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর