মৌলভীবাজারে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় তৈরি ফুচকার একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। শেরপুর চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৬,৭২,৬৫০ (ষোল লক্ষ বাহাত্তর হাজার ছয়শত পঞ্চাশ) টাকা মূল্যের এসব ফুচকার পাশাপাশি একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা একটি ট্রাক আটক করেন। পরে ট্রাকে থাকা ভারতীয় তৈরি ফুচকার চালান জব্দ করা হয়।
অভিযানে গ্রেপ্তার তিনজন হলেন, আমিনুর রহমান (৪০), পিতা-মৃত নজরুল ইসলাম, মাতা-মনোয়ারা বেগম, সাং-বসুন্দিয়া (কালিবটতলা), ২নং ওয়ার্ড, থানা-কতোয়ালী, জেলা-যশোর; মোঃ সাগর হোসেন (২৪), পিতা-মোঃ সাহাব উদ্দিন হোসেন, মাতা-মায়া খাতুন, সাং-বসুন্দিয়া (সরকারি পুকুর, বেগবাড়ি পুকুরকান্দা), থানা-কতোয়ালী, জেলা-যশোর; এবং মোঃ রুবেল মিয়া (২৮), পিতা-শেখ সেলিম মিয়া, মাতা-খোদেজা বেগম, সাং-বগাইয়া হাওর (ছড়ারপাড়), বিছনাকান্দি, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।
পুলিশ জানায়, জব্দ করা ভারতীয় তৈরি ফুচকার আনুমানিক মূল্য ১৬,৭২,৬৫০ টাকা। চোরাচালানের ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
এ ঘটনায় মৌলভীবাজার সদর থানার মামলা নং-২২, তারিখ-১৩ সেপ্টেম্বর ২০২৬, The Special Powers Act, 1974-এর ২৫ডি/২৫বি(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।
মামলার পর গ্রেপ্তারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
মৌলভীবাজার প্রতিনিধি 








