বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়নকে পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন আলীনগর’ নামে স্বেচ্ছাসেবী উদ্যোগের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার স্থানীয় প্রায় ৩০ জন তরুণ ও স্বেচ্ছাসেবী সিলেট-জকিগঞ্জ মেইন রোডের জায়গীরদার বাজারের সামনে থেকে রাস্তার পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন।
‘ক্লিন আলীনগর’ কোনো আনুষ্ঠানিক কমিটি বা সংগঠন নয়। স্থানীয় সচেতন তরুণ ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এ কার্যক্রমে স্বেচ্ছায় অংশগ্রহণকারীরাই সমন্বিতভাবে কাজ করছেন। ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার ও জনসমাগমস্থল পর্যায়ক্রমে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিবেশ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য রয়েছে উদ্যোগটির।
প্রথম দিনের কর্মসূচিতে স্থানীয় তরুণ, স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিকরা অংশ নেন। তারা জায়গীরদার বাজারের সামনে সিলেট-জকিগঞ্জ মেইন রোডের দুই পাশে থাকা জঙ্গল ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন খালেদ সাইফুল্লাহ, কাওসার আহমদ, আব্দুল মুমিত, মাওলানা ফারুক আহমদ, মাওলানা হোসাইন আহমদ, আলাল উদ্দিন, মাওলানা শাকির হুসেন, তানভীর আহমদ খান, ফাহাদ আহমদ, হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া ও ইয়াহইয়া আহমদসহ স্থানীয় আরও কয়েকজন সচেতন তরুণ।
উদ্যোক্তারা জানান, নিজেদের এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রশাসনের ওপর নির্ভরশীল নয়। স্থানীয় বাসিন্দাদেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে। নিজেদের এলাকার পরিবেশ নিজেরাই পরিচ্ছন্ন রাখার দায়িত্ববোধ থেকেই ‘ক্লিন আলীনগর’ উদ্যোগের সূচনা করা হয়েছে।
তাদের ভাষ্য, এ কার্যক্রমকে একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা নেই। ধারাবাহিকভাবে ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। তাদের মতে, রাস্তার পাশে ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং অন্যদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার মাধ্যমে দীর্ঘমেয়াদে এলাকার পরিবেশ উন্নত করা সম্ভব।
‘ক্লিন আলীনগর’-এর সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা জানান, এ উদ্যোগে কোনো নির্দিষ্ট পদ, পরিচয় বা আনুষ্ঠানিক কমিটির কাঠামো রাখা হয়নি। এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় আগ্রহী যে কেউ স্বেচ্ছায় এ কার্যক্রমে যুক্ত হতে পারবেন।
উদ্যোক্তারা আশা করছেন, স্থানীয় তরুণ ও সচেতন নাগরিকদের অংশগ্রহণ বাড়লে আলীনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এ জন্য এলাকার বাসিন্দাদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
আজকের সিলেট/এপি









