সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আটটি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আটটি ড্রেজার মেশিন পাওয়া যায়। পরে মেশিনগুলো ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। এ ছাড়া বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন বলেন, ইজারা বহির্ভূত ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আজকের সিলেট / জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








