মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সারা টেন্ডুলকারের সঙ্গে রাজবীর দেওলের বিয়ের গুঞ্জন, যা জানা গেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ১০:০৩:৪২ পূর্বাহ্ন

সারা টেন্ডুলকারের সঙ্গে রাজবীর দেওলের বিয়ের গুঞ্জন, যা জানা গেল


বলিউড অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের সঙ্গে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের বিয়ের আলোচনা নিয়ে সম্প্রতি সরগরম হয়ে উঠেছে ভারতীয় বিনোদন ও ক্রিকেট অঙ্গন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন সারার ঘনিষ্ঠ একটি সূত্র।

গত সোমবার থেকে সারা ও রাজবীরের বিয়ে নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। এমনকি খুব শিগগিরই সারা দেওল পরিবারের পুত্রবধূ হতে যাচ্ছেন বলেও দাবি করা হয়। বিষয়টি ঘিরে সানি দেওল ও শচীন টেন্ডুলকারের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা নিয়েও শুরু হয় আলোচনা।

এর আগে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকারের প্রেমের সম্পর্ক রয়েছে বলে বলিউড ও ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সেই সম্পর্কের ইতি ঘটেছে বলে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যেই রাজবীরের সঙ্গে সারার বিয়ের নতুন গুঞ্জন আলোচনায় আসে।

তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে সারার ঘনিষ্ঠ একটি সূত্র। ভারতীয় সংবাদমাধ্যমকে ওই সূত্র জানিয়েছে, রাজবীর দেওলের সঙ্গে সারার বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের মধ্যে কখনো দেখাসাক্ষাৎ পর্যন্ত হয়নি। সারা এখনো অবিবাহিত এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, এ ধরনের ভিত্তিহীন খবর শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং বিরক্তিকরও। সারা সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে পছন্দ করেন না। মার্জিত ও শালীনতা বজায় রাখার কারণে এমন গুঞ্জনের জবাব দেওয়ারও প্রয়োজন মনে করেন না তিনি।

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে হলেও নিজের পরিচয়ে পরিচিতি তৈরি করেছেন সারা টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে বিপুলসংখ্যক অনুসারী। ফ্যাশন, বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা এবং নানা আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন।

অন্যদিকে, সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলও বলিউডে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছেন। অবনীশ এস বারজাতিয়া পরিচালিত রোমান্টিক সিনেমা ‘দোনো’ দিয়ে ২০২৩ সালে বড় পর্দায় অভিষেক হয় তার।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর