একা মানেই নিঃসঙ্গ নয়, আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
জীবনের আনন্দ খুঁজে নিতে সব সময় সঙ্গীর প্রয়োজন হয় না। নিজের পছন্দ, স্বপ্ন আর স্বাধীনতাকে সঙ্গী করেও জীবন হতে পারে পরিপূর্ণ। একা থাকার এই আনন্দ, আত্মনির্ভরতা ও নিজের প্রতি ভালোবাসার বার্তা নিয়েই আজ ১১ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।
প্রতিবছর ১১ নভেম্বর দিবসটি উদ্যাপন করেন অবিবাহিত ও একা থাকা মানুষেরা। তারিখটির মধ্যেও রয়েছে প্রতীকী তাৎপর্য। ১১/১১ এই সংখ্যায় পাশাপাশি থাকা চারটি একক সংখ্যা সিঙ্গেল বা একা থাকা মানুষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
আন্তর্জাতিক সিঙ্গেল দিবসের সূচনা চীনে। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অবিবাহিত জীবনের আনন্দ উদ্যাপনের উদ্দেশ্যে দিনটি পালনের উদ্যোগ নেন। পরে ধীরে ধীরে চীনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই আয়োজন। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দিবসটি পায় আন্তর্জাতিক পরিচিতি।
শুরুর দিকে অবিবাহিত মানুষেরা নিজেদের মতো করে দিনটি কাটালেও সময়ের সঙ্গে বদলেছে উদ্যাপনের ধরন। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন, কেউ বেরিয়ে পড়েন ঘুরতে। আবার কেউ নিজের পছন্দের জিনিস কেনেন কিংবা প্রিয় কোনো কাজে সময় দিয়ে উপভোগ করেন দিনটি।
এর মধ্যে ২০০৯ সালে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বরকে বড় পরিসরের কেনাকাটার উৎসবে পরিণত করে। সেই ধারাবাহিকতায় দিনটি এখন বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার আয়োজন হিসেবেও পরিচিত।
তবে সিঙ্গেল দিবসের গুরুত্ব কেবল অবিবাহিত জীবনের আনন্দ উদ্যাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়। নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর বার্তাও বহন করে দিনটি।
সামাজিক বাস্তবতায় বিয়ে কিংবা প্রেমের সম্পর্ককে অনেক সময় জীবনের পূর্ণতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। অথচ সুখী ও পরিপূর্ণ জীবন কাটানোর জন্য সম্পর্কে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিজের স্বপ্ন পূরণ, পছন্দের কাজ এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েও জীবন হয়ে উঠতে পারে আনন্দময়।
একা থাকার অর্থ নিঃসঙ্গ থাকা নয় বরং নিজের মতো করে জীবনকে উপভোগ করার স্বাধীনতাও এর মধ্যে রয়েছে। সেই ভাবনাকে সামনে রেখেই আজ বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








