মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ সীমান্তে গরু চোরাকারবারিদের ধাওয়া, নদীতে নেমে নিখোঁজ বিএসএফ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৯:২২:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশ সীমান্তে গরু চোরাকারবারিদের ধাওয়া, নদীতে নেমে নিখোঁজ বিএসএফ সদস্য


ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নেমে নিখোঁজ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। সোমবার (২৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের আসামের কাছাড় জেলার বরাক নদীতে বিএসএফের দুই সদস্য ঝাঁপ দেন। তাদের একজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও অপরজন স্রোতে ভেসে যান।

নিখোঁজ বিএসএফ সদস্যের নাম কনস্টেবল কে ভেনু। তিনি হরিনগর বর্ডার আউটপোস্টে কর্মরত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সীমান্তের কাছে হরিনগর এলাকায় চার থেকে পাঁচজন গরু চোরাকারবারির অবস্থানের খবর পেয়ে সেখানে যান বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু। এ সময় তারা চোরাকারবারিদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারিরা বরাক নদীতে ঝাঁপ দেন। তাদের ধরতে বিএসএফের ওই দুই সদস্যও নদীতে নামেন। পরে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে তীরে উঠতে পারলেও কনস্টেবল কে ভেনু আর ফিরে আসেননি।

কাছাড় জেলার পুলিশ সুপার পার্থপ্রতীম দাস জানান, সোমবার সকালে বিএসএফের কোম্পানি কমান্ডার তাদের এ ঘটনা সম্পর্কে অবহিত করেন।

নিখোঁজ কনস্টেবল কে ভেনুর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এতে অংশ নিয়েছে স্টেট ডিজাস্টার রেসপন্স টিম (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং নৌ পুলিশ। তবে অভিযান চালিয়েও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্থানীয়রা ওই বিএসএফ সদস্যকে ধরে নিয়ে গেছেন বলে স্থানীয় পর্যায়ে দাবি করা হচ্ছে। তবে এ দাবির বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর