দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। আর মাত্র একদিন পর, শনিবার (২৮ নভেম্বর) দেশের ২৩১টি চা বাগানে ভোটের আয়োজন করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে নির্বাচন ঘনিয়ে এলেও অনেক চা শ্রমিকের সঙ্গে এখনো সরাসরি যোগাযোগ করতে পারেননি কেন্দ্রীয় কমিটির প্রার্থীরা। এতে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। নির্বাচনের আগে যারা শ্রমিকদের কাছে পৌঁছাতে পারেননি, নির্বাচিত হওয়ার পর তারা শ্রমিকদের অধিকার আদায়ে কতটা ভূমিকা রাখবেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন ভোটাররা।
অবশ্য প্রার্থীদের দাবি, সীমিত প্রচারণার সময়ের কারণে সব চা বাগানে যাওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে শ্রমিকনেতা ও বিশেষজ্ঞদের মতে, এত বড় পরিসরের শ্রমিক সংগঠনকে একটি কেন্দ্রীয় কাঠামোর মধ্যে পরিচালনা করায় নেতৃত্বের সঙ্গে সাধারণ শ্রমিকদের দূরত্ব তৈরি হয়েছে। এর ফলে সংগঠনের জবাবদিহিও দুর্বল হয়ে পড়ছে।
মৌলভীবাজারের মুরইছড়া চা বাগানের শ্রমিক কৌশল্যা উড়াং বলেন, তাঁর বাগানে কেন্দ্রীয় কমিটির কোনো প্রার্থীকে প্রচারণায় আসতে দেখেননি তিনি।
ক্ষোভ প্রকাশ করে কৌশল্যা বলেন, তিনি একজন ভোটার। প্রার্থীদের সরাসরি দেখে তাঁদের বক্তব্য শুনে ভোট দিতে পারলে ভালো হতো। কিন্তু সেই সুযোগ পাননি। বিভিন্ন প্রার্থীর পক্ষে অন্য লোকজন এসে প্রচারণা চালালেও মূল প্রার্থীরা নিজেরা আসছেন না।
নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দ অবশ্য জানিয়েছেন, ইতিমধ্যে অধিকাংশ চা বাগানে প্রচারণা চালিয়েছেন তিনি। কয়েকটি বাগানে এখনো যাওয়া বাকি রয়েছে। প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নেতৃত্বে যিনিই আসুন, তাঁকে শ্রমিকদের কাছে যেতে হবে। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলেই নেতাদের জবাবদিহি নিশ্চিত হয়। তবে অল্প সময়ের মধ্যে দেশের সব বাগানে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়েছে।
পঙ্কজ কন্দ জানান, প্রতিটি বাগানে অন্তত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। যেসব বাগানে এখনো যাওয়া হয়নি, সেখানেও প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালার মতে, এত বড় নির্বাচনে প্রচারণার জন্য অন্তত এক মাস সময় প্রয়োজন ছিল। কারণ, প্রতিটি চা বাগানে শ্রমিকদের নিজস্ব কমিটি ও সাংগঠনিক কার্যক্রম রয়েছে। এত অল্প সময়ে সব বাগানে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা কঠিন।
রাজু গোয়ালা বলেন, এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ চা বাগানে প্রচারণা চালিয়েছেন তিনি। তাঁর প্রচারণার অন্যতম উদ্দেশ্য শ্রমিকদের কাছে নিজের পরিচিতি ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া। অনেক শ্রমিক প্রার্থীদের চেনেন না, এমনকি তাঁদের নামও জানেন না। তাই ভোটের আগে প্রার্থীদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা জরুরি। বাকি বাগানগুলোতেও যাওয়ার চেষ্টা করছেন তিনি।
নিজের প্রচারণার সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাজু গোয়ালা বলেন, ‘আমি নিজেই সিলেটের অনেক চা বাগানে যেতে পারিনি। এখন চেষ্টা করছি যাওয়ার জন্য।’
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস মনে করেন, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এত বিপুলসংখ্যক চা বাগানে স্বল্প সময়ে প্রচারণা চালানো প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যাঁরা নিজেরাও চা শ্রমিক এবং শ্রমিকদের মধ্য থেকে উঠে এসে নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁদের পক্ষে সীমিত আয়ের মধ্যে বিভিন্ন বাগানে যাতায়াত করে ভোটারদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব।
তাঁর মতে, নির্বাচনের আগেই ইউনিয়নের পক্ষ থেকে প্রচারণার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার ছিল। প্রার্থীরা কীভাবে শ্রমিকদের কাছে নিজেদের পরিচিত করবেন, প্রতীকভিত্তিক প্রচারণার মাধ্যমে কীভাবে ভোটারদের সচেতন করা হবে—এসব বিষয়ে আগে থেকে উদ্যোগ নেওয়া হলে শ্রমিকেরা প্রার্থীদের সম্পর্কে জানার সুযোগ পেতেন। এতে নিজেদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়াও সহজ হতো।
সঞ্জয় দাস আরও বলেন, প্রায় আট বছর পর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি ও প্রচারণার সময় দেওয়া উচিত ছিল। দীর্ঘ সময় ধরে নির্বাচনী কার্যক্রম চললে শ্রমিকেরা প্রার্থীদের যাচাই-বাছাই করে প্রকৃত প্রতিনিধিদের বেছে নিতে পারতেন। কিন্তু হঠাৎ করে নির্বাচনের আয়োজন করায় সেই সুযোগ সংকুচিত হয়েছে।
তাঁর অভিযোগ, মজুরি আন্দোলনের বিষয়টি আড়াল করতেই তড়িঘড়ি করে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।
এদিকে চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন চা শ্রমিক বিশেষজ্ঞ এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন।
ভারত ও শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব দেশে চা শ্রমিকদের প্রতিনিধিত্ব করতে একাধিক ইউনিয়ন কাজ করছে। বিশেষ করে শ্রীলঙ্কায় প্রায় ৭০টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে চারটি শক্তিশালী ইউনিয়ন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপসহীন ভূমিকা পালন করে।
ফিলিপ গাইনের মতে, বাংলাদেশের মতো দেশে বিশালসংখ্যক শ্রমিককে একটি মাত্র ইউনিয়নের মাধ্যমে প্রতিনিধিত্ব করানো কঠিন। ইউনিয়নগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের নিজেদের মতো সংগঠিত হওয়ার সুযোগ দিতে হবে। এতে সংগঠনের জবাবদিহি বাড়বে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার পথও প্রসারিত হবে। একটি বড় ইউনিয়নের পক্ষে সব শ্রমিকের স্বার্থ সমানভাবে রক্ষা করা সম্ভব না হওয়ায় অনেকেই বঞ্চিত হচ্ছেন।
চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয়করণ ও নির্বাচনব্যবস্থা নিয়েও সমালোচনা করেছেন শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত।
তিনি বলেন, ইউনিয়ন গঠনের ক্ষেত্রে জেলা বা আঞ্চলিক পর্যায়ে সংগঠন পরিচালনার সুযোগ না রেখে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা রয়েছে, তা নিয়ে তাঁর আপত্তি আছে। অতীতে বিরোধী রাজনৈতিক দলগুলোও এ ধরনের কাঠামোর সমালোচনা করেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর তারাও ব্যবস্থাটির পরিবর্তনে উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
তপন দত্ত ইউনিয়নের নিয়মিত নির্বাচন আয়োজন এবং অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে। পাশাপাশি শ্রমিকদের স্বাধীনভাবে সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৬৯ নম্বর কনভেনশনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর চা শ্রমিক ইউনিয়নের এই নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে আগ্রহ থাকলেও প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের অভাব, প্রচারণার সীমাবদ্ধতা এবং ইউনিয়নের সাংগঠনিক কাঠামো নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে। এখন দেখার বিষয়, শনিবারের ভোটে শ্রমিকেরা কাদের নেতৃত্ব বেছে নেন এবং নতুন নেতৃত্ব তাঁদের প্রত্যাশা পূরণে কতটা ভূমিকা রাখতে পারে।
আজকের সিলেট/ জেকেএস









