বাণিজ্যিক ব্যাংকগুলোতে নির্ধারিত দামে নগদ ডলার মিলছে না। তবে কিছু ব্যাংকে চড়া দাম দিয়ে সীমিত পরিমাণে ডলার পাওয়া যাচ্ছে। খোলাবাজারে ডলার কিছুটা পাওয়া গেলেও দাম বেশ চড়া। ব্যাংকগুলোতে নগদ ডলারের নির্ধারিত সর্বোচ্চ দাম হচ্ছে ১১৭ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে ১২২ থেকে ১২৫ টাকা করে। খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১২৬ টাকা করে।
চাহিদা ও সরবরাহের ভিত্তিতে কোথাও আরও বেশি দামে বিক্রি হচ্ছে। নগদ ডলারের পাশাপাশি অন্যান্য খাতে ডলারের দামও নির্ধারিত দামের চেয়ে বেশি।
বর্তমানে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশেন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) যৌথ বৈঠক করে ডলারের দাম নির্ধারণ করে। তারা বিভিন্ন খাতে ডলার কেনা ও বিক্রির দর নির্ধারণ করলেও নগদ ডলারের দাম নির্ধারণ করে না। এর দাম ব্যাংকগুলোই নির্ধারণ করে।
বর্তমানে ব্যাংকগুলোর মধ্যে বেসরকারি খাতের ওয়ান ব্যাংক ও বিদেশি ব্যাংক আল ফালাহ নগদ ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করেছে ১৭ টাকা। তারা প্রতি ডলার নগদ কিনছে ১১৬ টাকা করে। কিন্তু তারা চাহিদা অনুযায়ী ডলার কিনতে পারছে না বলে বাজারে বিক্রিও করতে পারছে না। অন্যান্য বেশির ভাগ ব্যাংকেই নগদ ডলার ১১৫ থেকে ১১৬ টাকা নির্ধারণ করেছে।
কিন্তু এই দামে তারা ডলার বিক্রি করছে না। কারণ তারা বাজার থেকে আরও বেশি দামে ডলার কিনছে। সেগুলো নানা ধরনের সার্ভিস চার্জ ও প্রিমিয়ামসহ সর্বোচ্চ ১২২ থেকে ১২৫ টাকা করে বিক্রি করছেন।
গ্রাহকরা চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে বিদেশে যাওয়ার জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও ডলার পাচ্ছেন না। ফলে তারা আরও চড়া দামে খোলাবাজার থেকে কিনতে বাধ্য হচ্ছেন। খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১২৬ টাকা করে। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি দামে বিক্রি হচ্ছে।
আজকের সিলেট/ডি/এসটি
অর্থনীতি ডেস্ক 








