গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের খালপার বাজার এলাকায় স্থানীয়রা পিকআপটির গতিরোধ করেন। এ সময় চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, পিকআপটি বাজারের ভেতর দিয়ে দ্রুতগতিতে চলাচল করছিল। এতে অল্পের জন্য কয়েকজন পথচারী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িটি থামিয়ে পুলিশে খবর দেন। পরে এসআই জুবায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ভারতীয় জিরা ও এলাচসহ মসলাবাহী পিকআপটি আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আটক পিকআপটিতে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মসলা ছিল।
এস/আর
সৈয়দ রাসেল আহমদ 








